শুভ কাজে যুক্ত হওয়ার প্রত্যয়

অনলাইন ডেস্ক

শুভ কাজে যুক্ত হওয়ার প্রত্যয়ে উত্তরের সীমান্তবর্তী তিস্তা-ধরলা বিধৌত জেলা লালমনিরহাটে বসুন্ধরা শুভসংঘের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘যুক্ত হই শুভ কাজে’ স্লোগানে গত ২৪ অক্টোবর জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ দিনব্যাপী এ সম্মেলনে প্রণোদনা, সম্মাননা প্রদানসহ নানা আয়োজনের পাশাপাশি একত্র হয়েছিলেন বসুন্ধরা শুভসংঘের আটটি শাখা এবং ৩০টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

‘বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন ও মাদকবিরোধী’ বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি ছিল ডেঙ্গুসচেতনতায় পরিচ্ছন্নতা অভিযান। পুরো আয়োজনে শুভসংঘের সদস্য, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। সম্মেলনে যোগ দিতে সকাল থেকে জেলা শহরের বাইরে বিভিন্ন উপজেলা থেকে শুভসংঘের সদস্য এবং আমন্ত্রিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা আসতে শুরু করেন। নিবন্ধনের পর তাঁদের প্রত্যেককে ‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানসংবলিত টি-শার্ট এবং একটি করে বই উপহার দেওয়া হয়।

সামাজিক অপরাধ রোধে বের হওয়া শোভাযাত্রা শেষে কানায় কানায় পূর্ণ জেলা পরিষদ অডিটরিয়ামে শুরু হয় বসুন্ধরা শুভসংঘের জেলা সম্মেলন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক। দেশবরেণ্য কথাসাহিত্যিক, বসুন্ধরা শুভসংঘের প্রধান ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন সবাইকে শুভেচ্ছা জানিয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। এরপর বসুন্ধরা শুভসংঘের দুই বন্ধু পরিবেশন করেন উদ্বোধনী সংগীত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লালমনিরহাট শুভসংঘের সভাপতি জামাল হোসেন। আরো বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, জেলা কমিটির উপদেষ্টা অধ্যক্ষ এন্তাজুর রহমান, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি হায়দার আলী বাবু, সারপুকুর যুব ফোরাম পাঠাগারের উপদেষ্টা সুনীল কুমার সূত্রধর ও জেলা শুভসংঘের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভসংঘের উপদেষ্টা তন্ময় আহমেদ নয়ন। প্রধান অতিথির বক্তব্যে এ কে এম মমিনুল হক বলেন, ‘দেশের বড় শিল্প গ্রুপ বসুন্ধরা শুধু ব্যবসা নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে মানবতার হাতও বাড়িয়ে দিয়েছে। বিগত দিনগুলোতে দেশের ক্লান্তিকালে মানুষের জন্য অব্যাহতভাবে কাজ করছে।

শুভসংঘের মাধ্যমে তাদের করা কাজগুলো সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।’ ইমদাদুল হক মিলন বলেন, “আমরা যখন বসুন্ধরা শুভসংঘ প্রতিষ্ঠা করি, তখন থেকেই আমাদের মূলনীতি ছিল আমরা শুভ কাজে সবার পাশে দাঁড়াব। আমাদের স্লোগানও ‘শুভ কাজে সবার পাশে’। শুভ কাজ ছাড়া সমাজ বদলাবে না। শুভ কাজ ছাড়া দেশ বদলাবে না। এক শ্রেণির মানুষ অনেক কষ্টে জীবন যাপন করে। আমরা তাদের ভালো রাখার জন্য শুভ কাজে যুক্ত হয়েছি, অন্যদেরও শুভ কাজে যুক্ত হতে হবে। বাংলাদেশে একমাত্র বসুন্ধরা শুভসংঘ অন্য সংগঠনকে ডেকে পুরস্কৃত করে। এটি অন্য কোনো সংগঠন কখনো করেনি। মূলত শুভসংঘ একটি ভালোবাসার নাম। ভালোবাসা দিয়েই সব হয়। আমরা যদি প্রত্যেকে পাশের বাড়ির বা পাশের লোকটির খবর নিতে পারি, মানুষের পাশে দাঁড়াই, তবে এ দেশে দুঃখ-দারিদ্র্য থাকবে না।”

দুপুরের খাবারের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান গেয়ে সবাইকে মুগ্ধ করেন তরুণ বাউলশিল্পী অরণ্য আব্বাস ও সুমাইয়া স্নেহা। নৃত্য পরিবেশন করেন হিসনে হাসিন কিংবদন্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights