হুতিদের ছোড়া দুই ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের
অনলাইন ডেস্ক
সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চলে জোড়া ড্রোন হামলার চেষ্টা করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী। তবে ডোন দুটি মাঝআকাশেই প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
শনিবার জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তুর্কি আল-মালিকি বলেন, হুতি মিলিশিয়াদের ছোড়া দুটি ড্রোন রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চলে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।
তবে এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।
হুতি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এ ঘটনা ঘটল। সৌদি নেতৃত্বাধীন জোট সাম্প্রতিক সময়ে দেশটিকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার একাধিক খবর জানিয়েছে।
২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটিতে সংঘাত চলছে। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দেশটিতে হস্তক্ষেপ করে।
সূত্র: আনাদোলু এজেন্সি
