জামালপুরের সেই বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করল ডিসপোজাল ইউনিট
জামালপুরে রেলওয়ে ওভারপাসের ওপর বোমাসদৃশ বস্তুটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট। শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের ফুলবাড়িয়া ঈদগা মাঠে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।
জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে জামালপুর রেলওয়ে ওভারপাসের ওপর লাল স্কচটেপ প্যাঁচানো বোমাসদৃশ বস্তুটি স্থানীয়দের নজরে আসে। বস্তুটির দুই পাশে বৈদ্যুতিক তার দৃশ্যমান ছিল। এই ঘটনায় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এ সময় পুলিশ জায়গাটি ঘিরে ফেলে ও রেলওয়ে ওভারপাসে যান চলাচল বন্ধ করে দেয়। বোমাসদৃশ বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা এবং নিষ্ক্রিয় করার জন্য টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্টের বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়। খবর পেয়ে মেজর শাহীনের নেতৃত্বে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে বোমাসদৃশ বস্তুটি পরীক্ষা করে এবং রাত সাড়ে ১১টার দিকে শহরের ফুলবাড়িয়া ঈদগা মাঠে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।
তবে এ ব্যাপারে সেনাবাহিনী আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন জানান, সন্ধ্যা থেকেই বোমাসদৃশ বস্তুটি নিয়ে শহরবাসী আতঙ্কের মধ্যে ছিল। পুলিশ, এসআরবি এবং ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলটি ঘিরে রাখে। ঘাটাইল থেকে বোম ডিসপোজাল ইউনিটের টিম এসে বোমাসদৃশ বস্তুটিকে নিষ্ক্রিয় করে, তবে সেটি আসলেই বোমা ছিলো কি না তা নিশ্চিত না। বেশ কিছুদিন ধরেই সারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে পতিত সরকারের দোসররা, এটা তারই একটা অংশ।
