এমপি-প্রশাসকের কথার লড়াই
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ও কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর কথার লড়াই গতকাল দিনভর নগরীর আলোচিত বিষয় ছিল। গত শনিবার এক অনুষ্ঠানে এমপি বলেছিলেন, কুমিল্লা সিটিতে ভালো মেয়র দরকার। পরের দিন প্রশাসক বলেন, ‘আমি তাঁর অধীন নই’। দুজনের এমন বক্তব্যে কুমিল্লা নগরীর নেতৃত্ব ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা তৈরি হয়েছে। গত শনিবার বিকালে নগরীর নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত নাগরিক সংলাপে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, একজন ভালো মেয়র পেলে নগরীর উন্নয়নে বাকি কাজগুলো তিনি করবেন। তিনি বলেন, ‘ভাই, বন্ধু, দল না দেখে কুমিল্লার জন্য একজন ভালো মেয়র খুঁজে দেন, যে আমাকে সঙ্গ দিতে পারবে। কুমিল্লার জন্য এখন ফরজ একটি কাজ, সবাই মিলে একজন ভালো মেয়র দেখেন। দল, গোষ্ঠী, কালার, পুরুষ না মহিলা কিছু না দেখে একজন ভালো মেয়র দেখেন। বাকি কাজগুলো আমি করব।’ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি বলি না ওরে ভোট দেন। যদি একজন ভালো মেয়র দিতে পারেন, তাহলে কুমিল্লা বাঁচবে। আর তা না হলে ধ্বংসের হাত থেকে রক্ষা নেই।’ নগরীর উন্নয়ন কাজের মান নিয়েও প্রশ্ন তোলেন মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, ‘ড্রেন করলাম, এটা দিয়ে পানি যায় না। কে এটার বিচার করবে!’ অন্যদিকে রবিবার বিকালে বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, কুমিল্লা সিটি করপোরেশন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্যের অধীনস্থ নয়। প্রধানমন্ত্রী আমাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি বলেন, ‘ওনার কাছে কেন যাব? প্রধানমন্ত্রী আমাকে প্রশাসক বানিয়েছেন।’ প্রশাসক আরও বলেন, ‘আমি কেন আবেদনপত্র নিয়ে তাঁর কাছে যাব? স্থানীয় সরকারকে আমি চিনি, মন্ত্রীদের সঙ্গে আমার ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রীও আমাকে চেনেন এবং তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন।’ প্রশাসক আরও বলেন, ‘আমি কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্যের অধীনস্থ কেউ নই।’
