সমন্বয়হীনতায় সংকটে পর্যটন
জিন্নাতুন নূর
ভরা মৌসুমেও শুধু সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর সমন্বয়হীনতার কারণে দেশের পর্যটন খাত সংকটে পড়েছে। সাধারণত নভেম্বর থেকে দেশে পর্যটন মৌসুম শুরু হয়। এ সময় দেশের গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলোতে স্থানীয় পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকদেরও সমাগম হয়। কিন্তু এবার মৌসুমের শুরুতেই ধাক্কা খেয়েছে দেশের গুরুত্বপূর্ণ এ খাতটি।
সেন্ট মার্টিনে অতিরিক্ত জাহাজ ভাড়ার কারণে পর্যটকরা দ্বীপটি ভ্রমণের আগ্রহ হারাচ্ছেন। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের একটি অংশে এক পর্যটকের মৃত্যুর ঘটনায় এরই মধ্যে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। এ ছাড়া দেশের পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্য হচ্ছে রাঙামাটির সাজেক। কিন্তু বেশ কিছুদিন ধরে স্থানীয় পাহাড়ি কয়েকটি সংগঠনের প্রতিবাদ ও বিভিন্ন দাবিদাওয়া আদায়ে সাজেকের পরিস্থিতি এখন উত্তপ্ত। সাজেক এখন পর্যটকদের জন্য উন্মুক্ত নয়।
পর্যটন খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, পর্যটন বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন। আর সরকারের দিক থেকে বলা হচ্ছে, পর্যটন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ট্যুরিজম বোর্ড একটি ‘ওয়ান স্টপ’ সার্ভিস চালুর বিষয়ে চিন্তাভাবনা করছে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মুতাসিম বিল্লাহ ফারুকী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সেন্ট মার্টিনে যাত্রীবাহী জাহাজগুলো বেশি ভাড়া নিচ্ছে কি না এটি তদারকির দায়িত্ব সরকারের। পর্যটকদের সুবিধার বিষয়টি যেমন আমাদের দেখতে হবে, একই সঙ্গে সুন্দরবন ও সেন্ট মার্টিনের মতো স্পর্শকাতর পর্যটন স্থানগুলোতে জীববৈচিত্র্য থেকে শুরু করে বিধিনিষেধ মানা হচ্ছে কি না এর নজরদারিও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সাসটেইনেইবল ট্যুরিজমের জন্য যা দরকার তাই করতে হবে। এসব জায়গায় খুব বেশি পর্যটক যাওয়ার বিষয়টিকেও আমরা উৎসাহিত করি না। তিনি বলেন, এসব জায়গায় অব্যবস্থাপনার বিষয়গুলো আমরা খতিয়ে দেখতে পারি। এই পর্যটন স্থানগুলোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট স্থান থেকে আমরা সিদ্ধান্তে যেতে চাই। আমরা চিন্তা করছি ওয়ান স্টপ সার্ভিসের মতো করে একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে পর্যটনবিষয়ক সিদ্ধান্ত নিতে।
পর্যটন ব্যবসায়ীরা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সুন্দরবনে পর্যটনসংক্রান্ত বিষয় পরিবেশ অধিদপ্তর ও বন এবং পরিবেশবিষয়ক মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে। আর দেশে পর্যটনসংক্রান্ত কাজ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এই দুই মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় কম। এ ক্ষেত্রে পর্যটনসংক্রান্ত কোনো বিষয়ে একটি মন্ত্রণালয় যখন সিদ্ধান্ত গ্রহণ করে, তখন অন্য মন্ত্রণালয় এ ব্যাপারে জানেই না। সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ করা হলে বিষয়গুলো সহজ হবে। সাজেকের ক্ষেত্রে দেখা যায়, পর্যটন বিষয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়। এখানে যদি ট্যুরিজম বোর্ড, পর্যটন মন্ত্রণালয় ও বন অধিপ্তরের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হয়, তবে ঝামেলা তৈরি হবে না। খাতসংশ্লিষ্টরা আরও জানান, সেন্ট মার্টিনে পর্যটন ব্যবসায়ীরা বছরের তিন মাস ব্যবসার সুযোগ পান। মৌসুমের সময় যদি সেন্ট মার্টিন ভ্রমণ সহজ করা না যায় তাহলে যারা সেখানে ব্যবসায় বিনিয়োগ করেছেন তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। একই বিষয় সুন্দরবন ও সাজেকের ক্ষেত্রেও প্রযোজ্য। এ ক্ষেত্রে ট্যুরিজম বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ট্যুর অপারেটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. মিজানুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দেশের সব খাতেই সিন্ডিকেটের প্রভাব আছে। পর্যটনও এর বাইরে নয়। সেন্ট মার্টিনে সরকারি যাত্রীবাহী কোনো জাহাজ নেই। যেগুলো আছে সবগুলোই বেসরকারি। গতবারের তুলনায় এবার সেন্ট মার্টিনগামী জাহাজগুলোর ভাড়া বৃদ্ধির বিষয়টি অবশ্যই চিন্তার। এই বৃদ্ধি প্রত্যাশিত ভাড়ার চেয়ে বেশি। আশা করছি এ মাসের শেষ নাগাদ সেন্ট মার্টিনে পর্যটন ব্যবসা জমে উঠবে। স্কুলগুলোতে এখনো ছুটি শুরু হয়নি। এগুলো বন্ধ হলে পর্যটকের হার আরও বাড়বে। সুন্দরবনেও সীমিত পরিসরে পর্যটকদের জন্য কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে। পর্যটন বিষয়ে স্বরাষ্ট্র, পরিবেশ, পার্বত্য চট্টগ্রামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে সমন্বয় করে ট্যুরিজম বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করলে বিষয়টি ফলপ্রসূ হবে বলে মনে করি।
