খেলার জায়গা পেল শিশুরা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বালুর মাঠে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করে সেটি পুনরুদ্ধার করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা তাদের দীর্ঘদিনের খেলার জায়গাটি ফিরে পেয়েছেন। মাঠ পুনরুদ্ধারের অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, ‘বালুর মাঠ আমাদের দীর্ঘদিনের খেলার জায়গা। ছোটবেলা থেকে এখানে খেলে অনেকেই বড় হয়েছেন। অথচ এখন আমাদের সন্তানরা খেলার জন্য মাঠ পাচ্ছে না। এর আগে মাঠ রক্ষায় স্থানীয় বাসিন্দারা একাধিকবার প্রতিবাদ ও মানববন্ধন করেছেন। আজকের অভিযানকে আমরা স্বাগত জানাই। সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, ‘নগরবাসীর প্রতি আমার অনুরোধ, কেউ অবৈধ স্থাপনা কিংবা সরকারি জায়গায় অননুমোদিত কোনো নির্মাণকাজ করবেন না। পাশাপাশি কোনো স্থাপনা বা জায়গা ভাড়া নেওয়ার চুক্তি করার আগে অবশ্যই জমির মালিকানা স্বত্ব ভালোভাবে যাচাই করে নেবেন।’ স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীনের নেতৃত্বে গত রবিবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ওই অভিযান চালায়।
