মানুষের মস্তিষ্ক বুড়িয়ে যাওয়া কি ঠেকানো সম্ভব? যা বলছেন বিজ্ঞানীরা

অনলাইন ডেস্ক

দীর্ঘজীবী হওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যকর জীবনযাপনের ভূমিকা অনেক আগে থেকেই প্রমাণিত। তবে বর্তমানে বিজ্ঞানীরা জানার চেষ্টা করছেন, নতুন প্রযুক্তির সাহায্যে মানুষের মস্তিষ্কের বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়া ধীর করা বা পরিবর্তন করা সম্ভব কি না।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লোমা লিন্ডা শহরটি বিশ্বের অন্যতম ‘ব্লু জোন’ বা দীর্ঘায়ু মানুষের এলাকা হিসেবে পরিচিত। সেখানকার সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের মানুষেরা সাধারণত অ্যালকোহল ও ক্যাফেইন এড়িয়ে চলেন এবং নিরামিষ খাবার খান। সামাজিক মেলামেশা তাদের মানসিক প্রশান্তি দেয়। সেখানকার পুরুষেরা সাধারণ মানুষের চেয়ে ৭ বছর এবং নারীরা ৪ থেকে ৫ বছর বেশি সময় সুস্থভাবে বাঁচেন। বিজ্ঞানীরা বলছেন, সামাজিক মেলামেশা না থাকলে মস্তিষ্ক সংকুচিত হতে শুরু করে।

জীবনযাপনের পাশাপাশি প্রযুক্তিও এখন মস্তিষ্কের সুরক্ষায় বড় ভূমিকা রাখছে। সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আন্দ্রেই ইরিমিয়া ১৫ হাজার মানুষের মস্তিষ্কের এমআরআই (MRI) স্ক্যান ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে একটি কম্পিউটার মডেল তৈরি করেছেন। এটি মানুষের মস্তিষ্কের বয়সবৃদ্ধির ধরন ও ডিমেনশিয়ার (স্মৃতিভ্রংশ) মতো রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে পারে। এ ছাড়া ‘ব্রেইনকি’ নামের একটি প্রতিষ্ঠান এআই প্রযুক্তি কাজে লাগিয়ে মানুষের মস্তিষ্কের জৈবিক বয়স ও সম্ভাব্য ঝুঁকি নির্ণয়ের কাজ বাণিজ্যিকভাবে শুরু করেছে। এর ফলে আগেভাগেই রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সহজ হবে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানের অধ্যাপক ম্যাথিউ ওয়াকার জানান, মস্তিষ্ক ও শরীরের স্বাস্থ্য ভালো রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো পর্যাপ্ত ঘুম। ঘুমের সময় মস্তিষ্কের ক্ষতিকর প্রোটিনগুলো পরিষ্কার হয়, যেগুলো আলঝেইমার্স রোগের প্রধান কারণ হিসেবে পরিচিত। তিরিশের কোঠায় ঘুমের অভ্যাসে পরিবর্তন এলে তা ডিমেনশিয়ার ঝুঁকি বাড়াতে পারে। অন্যদিকে, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিয়েন উইলিয়ামস এমআরআই স্ক্যানের মাধ্যমে বিষণ্ণতা শনাক্ত করে চিকিৎসার প্রভাব বোঝার চেষ্টা করছেন। কারণ, চিকিৎসাবিহীন বিষণ্ণতা ডিমেনশিয়ার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

মস্তিষ্কের বয়স কমানোর গবেষণায় আরও চমকপ্রদ কাজ করছে ‘ফাউনা বায়ো’ নামের একটি প্রতিষ্ঠান। তারা কাঠবিড়ালির শীতঘুমের কৌশল কাজে লাগিয়ে মানুষের স্নায়ুকোষ পুনরায় বৃদ্ধির ওষুধ তৈরির চেষ্টা করছে। ব্রায়ান জনসনের মতো প্রযুক্তি উদ্যোক্তারা বয়স কমানোর জন্য কোটি কোটি টাকা খরচ করে কঠোর রুটিন মেনে চলছেন। তবে লোমা লিন্ডার ১০৩ বছর বয়সী মিলড্রেডের মতে, শুধু কঠোর নিয়মের বেড়াজালে না আটকে স্বাস্থ্যকর অভ্যাসের পাশাপাশি জীবনকে উপভোগ করাটাও সমান জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights