বয়সের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বাড়াতে পারে মানুষের আয়ু
অনলাইন ডেস্ক
বয়স বাড়া বা বার্ধক্য নিয়ে নেতিবাচক ধারণা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়েছে, বয়স নিয়ে বৈষম্য আমাদের নিজেদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে দেয়। তবে গবেষণায় দেখা গেছে, বার্ধক্যের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলে মানুষ নিজেকে তরুণ অনুভব করে এবং তাদের আয়ুও বৃদ্ধি পায়।
যুক্তরাষ্ট্রের ইয়েল স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক বেকা লেভি জানান, বয়স নিয়ে ইতিবাচক ধারণা পোষণকারী ব্যক্তিরা নেতিবাচক ধারণা পোষণকারীদের চেয়ে গড়ে সাড়ে সাত বছর বেশি বাঁচেন। বিশ্বের বিভিন্ন দেশে এ তথ্যের প্রমাণ মিলেছে। ইতিবাচক মানসিকতার কারণে তাদের স্মৃতিশক্তিও ভালো থাকে এবং আলঝেইমার্স রোগের ঝুঁকি কমে। অন্যদিকে, বয়স নিয়ে নেতিবাচক স্টেরিওটাইপ বা বদ্ধমূল ধারণা মনের ভেতর গেঁথে গেলে মানুষের আত্মবিশ্বাস কমে যায়। এটি শারীরিক সক্ষমতা ও মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটায় এবং তাদের একাকিত্বের দিকে ঠেলে দেয়।
কানাডার ম্যাকমাস্টার ইনস্টিটিউট ফর রিসার্চ অন এজিং-এর বৈজ্ঞানিক পরিচালক পারমিন্দর রায়না বলেন, “বার্ধক্য কোনো ধ্বংসাত্মক শক্তি নয়; এটি আধুনিক জনস্বাস্থ্য ব্যবস্থার এক অসামান্য অর্জন।” ২০৩০ সালের মধ্যে বিশ্বের প্রতি ছয়জনে একজন প্রাপ্তবয়স্কের বয়স ৬০ বা তার বেশি হবে। রায়না মনে করেন, বয়স বৈষম্য একটি ব্যক্তিগত সমস্যা, কারণ আজ যিনি বৈষম্য করছেন, ভবিষ্যতে তিনিও বৃদ্ধ হবেন।
বয়স বৈষম্যের শিকার যেকোনো বয়সের মানুষই হতে পারে। যেমন, ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেওয়া ‘জেন-জেড’ প্রজন্মকে বয়স্করা অনেক সময় ‘অলস’ বলে আখ্যা দেন। যুক্তরাজ্যে প্রতি তিনজনে একজন এবং যুক্তরাষ্ট্রে ৫০ থেকে ৮০ বছর বয়সীদের মধ্যে ৯৩ শতাংশ মানুষ দৈনন্দিন জীবনে কোনো না কোনোভাবে বয়স বৈষম্যের শিকার হন।
যুক্তরাজ্যের কেন্ট ইউনিভার্সিটির গবেষক হানা সুইফটের মতে, সমাজ ও ব্যক্তি—উভয় পর্যায়েই বয়স বৈষম্য দূর করতে হবে। প্রবীণদের দুর্বল বা অক্ষম ভাবার সামাজিক ধারণাগুলো বদলানো জরুরি। বিভিন্ন প্রজন্মের মধ্যে মেলামেশা বাড়ালে বয়স বৈষম্য অনেকটাই কমে।
ইতিবাচক বার্ধক্যের উদাহরণ হিসেবে এশিয়ার বিভিন্ন সংস্কৃতি ও জাপানের ‘রেসপেক্ট ফর দ্য এজড ডে’ বা প্রবীণদের প্রতি সম্মান জানানোর দিনটির কথা বলা যায়। অধ্যাপক লেভি বয়স নিয়ে ইতিবাচক ধারণা তৈরিতে একটি বিশেষ পদ্ধতি মেনে চলার পরামর্শ দিয়েছেন। এতে বয়স নিয়ে নেতিবাচক ধারণাগুলো চিহ্নিত করা এবং বয়সকে দোষারোপ না করে সামাজিক বৈষম্যকে দায়ী করার ওপর জোর দেওয়া হয়েছে। গবেষকদের মতে, বয়স বৈষম্য রোধ করা গেলে তা দীর্ঘমেয়াদে মানবসমাজের সবার জন্যই সুফল বয়ে আনবে।
