কালীগঞ্জে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন, পুড়ে ছাই আসবাবপত্র

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসিলবাগ গ্রামে বিএনপির স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার মধ্যে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এতে অফিসের চেয়ার, টেবিল, ফ্যানসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়দের ভাষ্য, রাত আনুমানিক আড়াইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার পর তারা কিছু সময় সেখানে অবস্থান করে চলে যায়। পরে আগুনে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে যাওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা ওই ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করছেন। তাদের অভিযোগ, আওয়ামী লীগ নেতা ও সাবেক এক জনপ্রতিনিধির উসকানিতে ছাত্রলীগের নেতাকর্মীরা রাতের অন্ধকারে এ ঘটনা ঘটিয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘দিনের বেলায় কিছু করার সাহস না পেয়ে রাতের অন্ধকারে চোরের মতো ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা ঐক্যবদ্ধ বিএনপি, তাদের প্রতিহত করব। আওয়ামী লীগ নেতা ও সাবেক এক চেয়ারম্যানের উসকানিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করছি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। তারা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন।’

হাসিলবাগ গ্রামের যুবদল নেতা ও ইউপি সদস্য পদপ্রার্থী তুহিন খান বলেন, রাতে কে বা কারা বিএনপির পার্টি অফিসে আগুন দিয়েছে। এতে চেয়ার, টেবিল, ফ্যানসহ অফিসের সবকিছু পুড়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করা জরুরি। তারা কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা বা সহিংসতা চান না। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে বারোবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) এসআই দীপঙ্কর মন্ডলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে বারোবাজার রেলস্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনা নিয়ে সংবাদ সংগ্রহের সময়ও তাঁর বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হয়েছিল বলে জানান প্রতিবেদক। স্থানীয় কয়েকজন বাসিন্দাও অভিযোগ করেন, জরুরি প্রয়োজনে পুলিশ ক্যাম্পের আইসিকে ফোন করেও অনেক সময় তাঁকে পাওয়া যায় না।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা শনাক্ত করার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights