ট্রান্সফরমারের সঙ্গে কৃষকের স্বপ্নও চুরি

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লা অঞ্চলের তিন জেলা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে বিএডিসির সেচের ট্রান্সফরমার-পাম্প চুরি কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। গত ছয় মাসে অন্তত ৫০টি ঘটনা ঘটেছে। গত সপ্তাহেও কুমিল্লার মুরাদনগরে একাধিক চুরির ঘটনা ঘটেছে। এতে হুমকির মুখে পড়েছে বোরো মৌসুমে হাজারের বেশি হেক্টর জমির ফসল উৎপাদন। এ ছাড়া আরও ১১ হাজার হেক্টর জমির অর্ধ লক্ষাধিক কৃষক বৈদ্যুতিক সরঞ্জাম চুরির আতঙ্কে রয়েছেন।

কৃষক, স্থানীয় ও বিএডিসির সূত্রমতে, স্বল্পমূল্যে বিএডিসি ট্রান্সফরমার ও মোটরসহ বিভিন্ন সেচ সরঞ্জাম এলাকার কৃষকদের প্রদান করে। বিএডিসি পরবর্তীতে সেসব সরঞ্জাম মেরামতে সহযোগিতা করে থাকে। তবে চুরি হয়ে গেলে তার দায়িত্ব সেচ পাম্প পরিচালকের। এদিকে গত ছয় মাসে কুমিল্লা. চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় অন্তত ৫০টি চুরির ঘটনা ঘটেছে। কুমিল্লা জেলায় বরুড়া, দেবিদ্বার ও মুরাদনগরে বেশি চুরির ঘটনা ঘটেছে। চাঁদপুরে বেশি চুরির ঘটনা ঘটেছে শাহরাস্তিতে। এদিকে কুমিল্লা অঞ্চলে এবার ১২ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। চুরির কারণে বোরো আবাদ বিঘ্ন ঘটবে সহস্রাধিক হেক্টর জমিতে। কৃষকরা জানান, চুরির বিষয়ে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে পুলিশের কোনো তদারকি নজরে পড়েনি বলে জানান পাম্প মালিকরা। এ নিয়ে গত রবিবার কুমিল্লা জেলা উন্নয়ন সমন্বয় সভায়ও আলোচনা হয়েছে।

সরেজমিন বরুড়া উপজেলার বনকরা গ্রামে গিয়ে দেখা যায়, পাম্প মালিক আবদুল বাসেতের তিনটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। ট্রান্সফরমারের ড্রাম জমিতে পড়ে আছে, ভিতরের তার খুলে নিয়ে গেছে। তিনি ও তার এলাকার কৃষকরা বোরো ধান চাষ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। গত ১০ নভেম্বর চুরি হয়েছে মুরাদনগরের কুলুবাড়ি গ্রামে। এ ছাড়া এ উপজেলার সুবিলাচর, নোয়াকান্দি গ্রামে, দেবিদ্বার উপজেলার বারেরায় ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। মোটর চুরির ঘটনা ঘটেছে দেবিদ্বার উপজেলার বড় শালঘর ও বড় আলমপুরে। বনকরার কৃষক সুলতান মিয়া, নাসির হোসেনসহ কয়েকজন বলেন, সেচ পাম্পের মাধ্যমে আমরা বোরো ধান চাষ করি। বোরো ধান চাষ করতে না পারলে পথে বসে যাব। বিএডিসি (সেচ) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী রুবায়েত ফয়সাল আল- মাসুম বলেন, সম্প্রতি আমাদের দেওয়া ট্রান্সফরমার পাম্পগুলো চুরি হয়ে যাচ্ছে। আমরা চাই প্রত্যেকটা পাম্প যেন আবার চালু হয়। কৃষকের মুখে যেন হাসি ফুটে ওঠে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, জেলা উন্নয়ন সমন্বয় সভায় আমরা এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। আমাদের থানাগুলো কাজ শুরু করেছে। তাদের রাতে টহল বাড়ানোর জন্য বলা হয়েছে। সামনে যেন এমন ঘটনা না ঘটে সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights