চট্টগ্রামে ১০২ ঝুঁকিপূর্ণ ভবন ঠায় দাঁড়িয়ে

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরে ঝুঁকিপূর্ণ ১০২টি ভবন ঠায় দাঁড়িয়ে আছে। কিন্তু এগুলো ভাঙার উদ্যোগ দেখা যায়নি। ফলে ভূমিকম্পসহ প্রাকৃতিক নানা দুর্যোগে অনাকাক্সিক্ষত ঘটনার শঙ্কা থেকেই যায়। আবার কোনো দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষগুলোর তোড়জোড় শুরু হয়। পরে সব উদ্যোগ-তৎপরতা আবারও হারিয়ে যায়। ঝুঁকিপূর্ণ তালিকায় ৫০ থেকে ১০৫ বছর বয়সি স্থাপনাও আছে। নিয়ম মোতাবেক, নগরের ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সিডিএ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাছে তাদের প্রণীত তালিকাটি পাঠায়। চসিক প্রয়োজনীয় তদারকিপূর্বক ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভাঙার উদ্যোগ গ্রহণ করে।

জানা যায়, চট্টগ্রাম নগরের নাগরিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন ১০২টি ঝুঁকিপূর্ণ ভবন-স্থাপনার একটি হালনাগাদ তালিকা তৈরি করে সিডিএ। এসব ভবন অপসারণ বা প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য চসিককে চিঠি দিয়েছে। পরে চসিক তালিকাটি নিয়ে প্রয়োজনীয় যাচাইবাছাই, আইনগত ও কারিগরি বিষয় পর্যবেক্ষণ করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। তবে কমিটি এখনো কার্যকর উদ্যোগ নেয়নি। সিডিএর প্রস্তুতকৃত তালিকায় চিহ্নিত ঝুঁকিপূর্ণ ১০২টি স্থাপনার মধ্যে আবাসিক ভবন ৬৮, বাণিজ্যিক ভবন ১২ এবং আবাসিক ও বাণিজ্যিক উভয় কাজে ব্যবহৃত হয় এমন ভবন ১৩টি। তা ছাড়া তালিকার মধ্যে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান, একটি মার্কেট এবং একটি প্রশাসনিক ভবনও আছে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত অনেক ভবনের বয়স ৫০ থেকে ১০৫ বছর। এর মধ্যে বেশ কিছু ভবন মেয়াদোত্তীর্ণ ও কিছু কাঠামো জরাজীর্ণ হয়ে পড়েছে। কোনো কোনো ভবনের দেয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল। ছাদ থেকে পলেস্তারা খসে রড বেরিয়ে এসেছে। আছে এক পাশে হেলে পড়ার মতো স্থাপনাও। ঝুঁকিপূর্ণ এসব ভবনে বাস করছে প্রায় ৫ হাজার মানুষ। আবার তিনটি ঝুঁকিপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছে প্রায় ২ হাজার শিক্ষার্থী। সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, ‘ঝুঁকিপূর্ণ স্থাপনার তালিকা তৈরি করে চসিককে চিঠি দেওয়া হয়েছে। এখন চসিক স্থাপনাগুলোর ব্যাপারে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।’ চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান বলেন, ‘সিডিএ তালিকা দিয়েছে। এর প্রয়োজনীয় যাচাইবাছাই, আইনি ও কারিগরি বিষয়গুলো তদারকে কমিটি কাজ করছে। কমিটির পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে।’ সিডিএ সূত্র জানায়, বর্তমানে নগরে ভবন আছে ৪ লাখ ১ হাজার ৭২১টি। খোঁজ নিয়ে জানা যায়, অধিকাংশ ভবনে ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা নেই। ভবন নির্মাণের সময় যথাযথ তদারকি না থাকলে বড় ভূমিকম্পে অনেক ভবন পুরোপুরি বা আংশিক ধসে পড়তে পারে। এতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা আছে। তা ছাড়া ফায়ার সার্ভিস, চসিক ও সিডিএর কাছে ভূমিকম্প মোকাবিলার জন্য পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম নেই। ঘনবসতিপূর্ণ এলাকা ও সরু সড়কের কারণে ধসে পড়া ভবনের কাছে উদ্ধারকারী যান ও অ্যাম্বুলেন্স পৌঁছানোও কঠিন হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights