১৪ হাজার ব্যাংকার চাকরি হারিয়েছেন দেড় বছরে

নিজস্ব প্রতিবেদক

দেশের ব্যাংকিং খাতে চাকরি হারানোর ঝুঁকি কাটছে না। গত দেড় বছরে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ১৪ হাজার কর্মকর্তা-কর্মচারী চাকরি হারিয়েছেন। এবার নতুন করে আরও প্রায় ৩ হাজার ব্যাংকারের চাকরি অনিশ্চয়তার মুখে পড়েছে। এর মধ্যে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক প্রায় ১ হাজার ৫০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। অন্যদিকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির সিদ্ধান্তে সমানসংখ্যক কর্মীর চাকরির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

একসময় নিরাপদ ও আকর্ষণীয় পেশা হিসেবে পরিচিত ব্যাংকিং খাতে এমন পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিবেদন, বাংলাদেশ ব্যাংকের তথ্য এবং বিভিন্ন ব্যাংক সূত্রের তথ্য অনুযায়ী, গত দেড় বছরে ব্যাংকিং খাতে বড় ধরনের জনবল সংকোচন হয়েছে। এর পেছনে রয়েছে আর্থিক অনিয়ম, নিয়োগে দুর্নীতি, ব্যাংকের পুনর্গঠন, লোকসান কমানোর উদ্যোগ এবং পরিচালন ব্যয় সংকোচন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচটি আর্থিকভাবে দুর্বল ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে শাখাগুলোর মধ্যে পুনরাবৃত্তি কমানো এবং পরিচালন ব্যয় নিয়ন্ত্রণে প্রায় ১ হাজার ৫০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে। ব্যাংক পাঁচটি হলো- এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক।

এই পাঁচ ব্যাংকে সম্মিলিতভাবে প্রায় ১৭ হাজার কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাঁদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা ২০ শতাংশ পর্যন্ত কমানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে। এর আগে ছয়টি শরিয়াহভিত্তিক ব্যাংকে প্রায় ১০ হাজার কর্মসংস্থান বিলুপ্ত হয়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ একাই পাঁচ হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছে।

অন্যদিকে বিদেশি ব্যাংকগুলোর মধ্যেও চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশে এক শতাব্দীর বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনা করা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তাদের ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যবসার সঙ্গে যুক্ত প্রায় ১ হাজার ৫০০ কর্মীর চাকরি এখন অনিশ্চয়তার মুখে। ব্যাংকটি সম্ভাব্য ক্রেতাদের কাছে বিদ্যমান কর্মীদের বহাল রাখার প্রত্যাশা জানিয়েছে। তবে বেতন কাঠামো নিয়ে মতবিরোধ এবং বিপুলসংখ্যক কর্মীর বেতন-ভাতা বহনের উচ্চ ব্যয়ের কারণে সম্ভাব্য ক্রেতারা দ্বিধায় রয়েছেন। ফলে কর্মীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

এদিকে ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সরকারি-বেসরকারি নয়টি ব্যাংক ৩ হাজার ২৯২ জন কর্মী কমিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশে খুচরা ব্যাংকিং কার্যক্রম থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের পর এইচএসবিসির ২৫৭ জন কর্মী চাকরি হারিয়েছেন। তাঁদের অনেকেই ব্যাংকটিতে ১৫ থেকে ২৫ বছর ধরে কাজ করেছেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ব্যাপক হারে চাকরি হারানোর ঘটনা তরুণদের ব্যাংকিং পেশায় আসতে নিরুৎসাহিত করতে পারে। একসময় দেশের সবচেয়ে আকর্ষণীয় কর্মসংস্থানের ক্ষেত্রগুলোর একটি ছিল ব্যাংকিং খাত। ব্যাপক অনিয়মের কারণে কয়েকটি ব্যাংক দুর্বল হয়ে পড়েছে। লোকসান কমাতে এসব ব্যাংককে ব্যয় সংকোচন করতে হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুনে দেশের ৬১টি ব্যাংকে মোট কর্মকর্তা-কর্মচারী ছিলেন ২ লাখ ১৭ হাজার ৮১৮ জন। এর মধ্যে বেসরকারি ব্যাংকগুলোতে ১ লাখ ৪৫ হাজার ৮৯৮ জন, ছয়টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে ৫৫ হাজার ৫১৭ জন, তিনটি বিশেষায়িত রাষ্ট্রীয় ব্যাংকে ১২ হাজার ৬৫১ জন এবং নয়টি বিদেশি ব্যাংকে ৩ হাজার ৭৫২ জন কর্মরত ছিলেন।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, অধিকাংশ কর্মী ছাঁটাই হয়েছে সংকটাপন্ন ব্যাংকগুলোতে। বছরের পর বছর ধরে চলা অনিয়মের পর এসব ব্যাংকের পুনর্গঠনের অংশ হিসেবে জনবল কমানো অনেক ক্ষেত্রে অনিবার্য। আর্থিকভাবে দুর্বল ব্যাংকগুলোর টিকে থাকতে পরিচালন ব্যয় কমানো প্রয়োজন। তবে ব্যয় সংকোচনের পরও ব্যাংকগুলোর আর্থিক অবস্থার উন্নতি না হলে উদ্বেগ থেকেই যাবে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে অধিকাংশ চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে আর্থিকভাবে দুর্বল শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোতে। অন্য ব্যাংকগুলোরও দক্ষতা বাড়ানো ও ব্যয় নিয়ন্ত্রণ করা প্রয়োজন। ব্যাংক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, তাই পেশাদারির সঙ্গে পরিচালনা করতে হবে।

বিআইবিএমের মহাপরিচালক মো. এজাজুল ইসলাম বলেন, অধিকাংশ চাকরিচ্যুতির পেছনে রয়েছে দুর্বল কর্মদক্ষতা, জালিয়াতি, ত্রুটিপূর্ণ নিয়োগপ্রক্রিয়া ও স্বজনপ্রীতি। তাঁর মতে, ব্যাংকিং খাতে প্রায় ২ লাখ ২০ হাজার মানুষ কর্মরত। এর মধ্যে প্রায় ১৫ হাজার কর্মীর চাকরি চলে যাওয়ায় সামগ্রিক জনবলের ওপর বড় ধরনের প্রভাব পড়বে না। দক্ষ ও ভালো কর্মদক্ষতাসম্পন্ন ব্যাংকারদের চাকরিচ্যুতির ঘটনা তুলনামূলকভাবে বিরল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights