লকডাউন-হরতালের সমর্থনে কালীগঞ্জে আ.লীগের তিন মিছিল, আলোচনায় তিন নেতা

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পৃথক তিনটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৪৮ ঘণ্টার লকডাউন ও হরতাল কর্মসূচির সমর্থনে রাত থেকে সকাল পর্যন্ত উপজেলার পৃথক স্থানে এসব মিছিল বের করা হয়। মিছিলগুলোতে সড়কে টায়ার জ্বালিয়ে মশাল হাতে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন অংশগ্রহণকারীরা। এসব মিছিলে প্রবাসী আতিফ আসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান ও যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগরের নাম উল্লেখ করে স্লোগান দিতে শোনা গেছে।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা গেছে, প্রথম মিছিলটি শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ৩ নম্বর কোলা ইউনিয়নের কালীগঞ্জ-গাজীরবাজার সড়কের পান্তাডাঙ্গা এলাকায় অনুষ্ঠিত হয় বলে ধারণা করা হচ্ছে। ৫২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সামনে একটি ব্যানার রেখে ১০ থেকে ১৫ জন ব্যক্তি সড়কে টায়ার জ্বালিয়ে হাতে মশাল নিয়ে মিছিল করছেন। এ সময় তাঁরা আতিফ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট-বোমা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সহ বিভিন্ন স্লোগান দেন।

দ্বিতীয় মিছিলটি রাত ১১টার দিকে কালীগঞ্জ পৌর এলাকার বলিদাপাড়া-সিংগীবাজার সড়কে অনুষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২ মিনিট ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে মিছিলকারীদের কথোপকথন ও স্লোগানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খানের নাম শোনা যায়। সেখানে আয়ুব ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, স্লোগান দিতে শোনা গেছে। মিছিলটি তাঁর নির্দেশনায় হয়েছে বলে অংশগ্রহণকারীদের কথাবার্তা থেকে ধারণা করা হচ্ছে।

এদিকে রোববার (২৯ নভেম্বর) সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের বারোবাজার এলাকায় আরও একটি বিক্ষোভ মিছিল বের করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ওই মিছিলে যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগরের নাম উল্লেখ করে, সাগর ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, স্লোগান দিতে শোনা যায়। মিছিলটি তাঁর নির্দেশনায় হয়েছে বলে মিছিলকারীদের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে।

পৃথক তিনটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে এসব মিছিলের আয়োজক কারা, অংশগ্রহণকারীরা কোন পর্যায়ের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট নেতাদের প্রত্যক্ষ নির্দেশনায় মিছিলগুলো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে দেখা ব্যক্তিদের পরিচয়ও যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, মিছিলের বিষয়টি তাঁর জানা নেই। তবে কেউ মিছিল করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights