কালিয়াকৈরে অটো চালকের লাশ উদ্ধার
কালিয়াকৈর (গাজীপুর) ব্যুরো ঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাব উত্তর পাড়া এলাকায় সোমবার সকালে এক অটো চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
নিহত অটো চালক হলেন, পাবনা জেলার ঈশ্বরদী থানার আওতাপাড়া এলাকার মৃত হাতেম মোল্লার ছেলে মো:সাদ্দাম হোসেন (২৭)।
নিহত সাদ্দম হোসেন উপজেলার ভান্নার আমতলা এলাকায় চাচাতো ভাই বাবু মোল্লার বাসায় স্ত্রী ও সন্তান নিয়ে ভাড়ায় বসবাস করে অটোরিকশা চালাতেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সাদ্দাম হোসেন গত বৃহস্পতিবার বিকেলে তার নিজ অটো রিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে নিখোজ হন।পরে তার পরিবারের লোকজন তাকে অনেক খোঁজা খুজি করেও সন্ধান না পাওয়ায় কালিয়াকৈর থানায় তাকে উদ্ধারের জন্য জিডি করেন এবং বিভিন্ন স্থানে পেস্টার লাগিয়ে নিহত সাদ্দামের খোজ চালিয়ে যাচ্ছিলো।পরে সোমবার সকালে বরাব উত্তর পাড়া গ্রামের কৃষক নজরুল ইসলাম গভীর জঙ্গলে নিহত সাদ্দামের অর্ধ গলিত বিভৎস লাশটি দেখে পুলিশে খবর দিলে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ীর সদস্যরা ঘটনা স্থলে এসে নিহত সাদ্দামের লাশটি উদ্ধার করেন। লাশ উদ্ধারের খবর পেয়ে নিহত সাদ্দামের চাচাতো ভাই বাবু মোল্লা ঘটনা স্থলে এসে লাশটি অটোরিকশা চালক সাদ্দামের বলে সনাক্ত করেন।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ীর ইনচার্জ শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের এর উদ্দেশ্যেই অটোচালক সাদ্দামকে হত্যা করে গভীর জঙ্গলে ফেলে রাখা হয়েছে। নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
