আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে হলফনামায় মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ উঠেছে সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে। রিটার্নিং কর্মকর্তার কাছে এমন অভিযোগ করেছেন এ কে এম আবু হুরায়রা (সাজু) নামের এক ব্যক্তি। তিনি সিলেট নগরের নরসিংটিলা এলাকার বাসিন্দা।

ওই ব্যক্তির অভিযোগ, নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী হলফনামায় জন্মতারিখ ও শিক্ষাগত যোগ্যতার বিষয়টি অসত্যভাবে উপস্থাপন করেছেন। যে কারণে তার প্রার্থিতা বাতিলের দাবি করেন তিনি। সোমবার বিকেলে সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদেরের কাছে তিনি লিখিত অভিযোগ জমা দেন। মঙ্গলবার (১৩ জুন) দুপুরের পর বিষয়টি জানাজানি হয়।

এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের আগে অভিযোগ পেলে তথ্য যাচাই-বাছাই করা যেত। এখন আর কিছুই করার নেই।
এ কে এম আবু হুরায়রা সাজুর লিখিত অভিযোগে বলা হয়, আনোয়ারুজ্জামান চৌধুরী তাঁর হলফনামায় জন্মতারিখ ও শিক্ষাগত যোগ্যতার বিষয়ে অসত্য তথ্য দিয়েছেন। আনোয়ারুজ্জামান হলফনামায় তার জন্মতারিখ ১৯৭০ সালের ১ জুলাই এবং শিক্ষাগত যোগ্যতা বিএ (সম্মান) উল্লেখ করেছেন। রেজিস্ট্রেশন, প্রবেশপত্র ও সনদপত্র অনুযায়ী তার জন্মতারিখ ১৯৭২ সালের ১ জুলাই। এ ছাড়া তিনি কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ১৯৮৮ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলেও ১৯৯০ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ না করেই যুক্তরাজ্যে যান এবং সেখানে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশে কোনো প্রকার পড়াশোনা কিংবা পরীক্ষায় অংশ নেননি। লিখিত অভিযোগে হলফনামায় অসত্য তথ্য দেওয়া এবং জালিয়াতির আশ্রয় নেওয়ায় মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রার্থিতা বাতিলের পাশাপাশি ফৌজদারি আইনে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান সাজু।

অভিযোগের বিষয়ে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী জানান, এটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক অভিযোগ। হলফনামায় সঠিক তথ্য দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights