রাত ৯টা পর্যন্ত হল খোলা রাখার দাবিতে ছাত্রীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

রাত ৯টা পর্যন্ত হলের গেট খোলা রাখার দাবিতে অধ্যক্ষের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের আবাসিক হলের ছাত্রীরা।

বুধবার রাত সাড়ে ৮টায় হলে থাকা ছাত্রীরা তাদের দাবি নিয়ে অধ্যক্ষের বাসভবনের সামনে অবস্থান নেন। এসময় বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন তারা।

ছাত্রীরা অভিযোগ করেন, শীতকালে সন্ধ্যা ৬টায় হলের গেট বন্ধ করে দেওয়া হয়। আর এখন সন্ধ্যা ৭টায়। অনেকের টিউশনি থাকে বা বাইরে ব্যক্তিগত কাজ থাকে। হলের গেট বন্ধ করে বাসায় চাবি নিয়ে যান অধ্যক্ষ। কোনো ছাত্রীর হলে প্রবেশ করতে কিছুটা দেরি হলে তাকে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়। এতে অনেক সমস্যা হয় শিক্ষার্থীদের। দীর্ঘদিন ধরে অধ্যক্ষকে এ বিষয়ে দাবি জানালেও তিনি কোনো সিদ্ধান্ত নেননি। তাই তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।

কলেজটির আবাসিক শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, ছাত্রীদের অনেকে টিউশনি করে কেউ কোচিং করতে যায়। এ অবস্থায় সন্ধ্যা ৭টায় হল গেট বন্ধ করে দিলে আমাদের সমস্যায় পড়তে হয়। কেউ একটু দেরি করে ফিরলে তাকে কয়েক ঘণ্টা হল গেটে অপেক্ষা করতে হয়। অধ্যক্ষ গেটে এসে বসে থাকে। গেট তালা দেওয়ার পর চাবি বাসায় নিয়ে যান। আমরা চাই অন্তত রাত ৯টা পর্যন্ত হল গেট খোলা থাকুক।
এ বিষয়ে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকার অধ্যক্ষ প্রফেসর গোলাম ফারুক বলেন, সন্ধ্যা ৭টায় হল গেট বন্ধ করে দেওয়া তো আমার একার সিদ্ধান্ত নয়। এটা একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরে এভাবেই চলে আসছে। গত কয়েকদিন ধরেই ছাত্রীরা আরও বেশি সময় হল গেট খোলা রাখার জন্য দাবি জানাচ্ছে। গতকাল কলেজ ছাত্রলীগের সভাপতি আমাকে ফোন করেছিলেন। আমি বলেছি, একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হবে। আমি তো আর একা কলেজ চালাই না।

অধ্যক্ষ আরও বলেন, ছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সন্ধ্যা ৭টায় হল গেট বন্ধ করে দেওয়া হয়। এখন যদি ছাত্রীরা বলে তাদের নিরাপত্তার সমস্যা নাই তাহলে আমার কোনো সমস্যা নেই। তবে তাদের নিরাপত্তার বিষয়টি তো আমাদের মাথায় রাখতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights