‘শুধু অর্থের জন্যই চেলসি ছেড়ে সৌদিতে এসেছি’

অনলাইন ডেস্ক
সৌদি আরবের তারকা সদাইয়ে মূল নজর ছিল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে। বিশাল অঙ্কের আর্থিক প্রস্তাবও দিয়েছিল সৌদি আরবের ক্লাব আল হিলাল। অঙ্কটা ছিল বছরে ৪০ কোটি ইউরো বা তার চেয়েও বেশি। কিন্তু মেসিকে চোখে চোখে রেখেও শেষ পর্যন্ত হারাতে হয় আল হিলালকে। আর্জেন্টিনার মহাতারকা আল হিলালের প্রস্তাবটা গ্রহণ করেননি। তবে আল হিলাল শেষ পর্যন্ত নিশ্চিত করেছে সেনেগালের তারকা ফুটবলার কালিদু কুলিবালিকে।

সৌদি ক্লাবে যোগ দিতে তিনি ছেড়েছেন প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিকে। মূলত, অর্থের ঝনঝনানিতেই ইউরোপ ছেড়ে সৌদির অখ্যাত ক্লাবগুলোতে আসছে ফুটবলাররা। ইউরোপ থেকে তার সরে যাওয়ার বিষয়ে কুলিবালি স্পষ্ট করে জানালেন, সৌদিতে আসার পেছনে অন্যতম কারণ হচ্ছে অর্থ।

কুলিবালি বলেন, ‘আমি এটা অস্বীকার করতে পারি না। আমি আমার পুরো পরিবারকে ভালোভাবে বাঁচতে সাহায্য করতে পারব, আমার বাবা-মা থেকে আমার কাজিন পর্যন্ত। এতে সেনেগালে আমার ক্যাপিটাইন ডু কোউর অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে সমর্থন করতে পারব। ইতোমধ্যে আমার বাবা-মায়ের গ্রামে একটি ক্লিনিক তৈরি শুরু করেছি। তরুণদের সাহায্য করার জন্য আমার অনেক প্রকল্প আছে।’
অর্থের পাশাপাশি ধর্মকেও অন্যতম কারণ হিসেবে আখ্যা দিয়েছেন সেনেগালের এই তারকা। তিনি বলেন, ‘আমি একজন মুসলিম, আমি আমার এবং আমার পরিবারের জন্য একটি আদর্শ দেশে পৌঁছেছি।’

চেলসিতে নিয়মিত খেলার সুযোগ পেতেন না কুলিবালি। সৌদিতে অন্তত তার বেঞ্চে বসে থাকতে হবে না, ‘আমি কিছু না করে বেঞ্চে থাকতে পছন্দ করি না। আমি সেখানে যেতে পছন্দ করি যেখানে আমি সত্যিই চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights