স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মমিনুল ইসলামকে (৬০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নম্বর আদালতের বিচারক মোতাহারাত আখতার ভূঁইয়া এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বাদী ও এজাহার সূত্রে জানা গেছে, গত ২০১৯ সালের ২৫ এপ্রিল রাতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পশ্চিম পাউসার গ্রামে আসামি মমিনুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত স্ত্রী শাহানাজ পারভীন শাহিনের (৫৫) সাথে স্বামী মমিনুল ইসলামের পারিবারিক বিষয় নিয়ে ঘটনার দিন রাত ১০টার দিকে ঝগড়া বিবাদ হয়।
সেই ঝগড়ার জের ধরে একই তারিখ রাত ২টার দিকে স্ত্রী শাহানাজ পারভীন শাহিন ঘুমিয়ে পড়লে তাকে শাবল দিয়ে মাথায় একাধিক আঘাত করে স্বামী মমিনুল। পরে তাকে ঘরে তালাবদ্ধ রেখে স্বামী মমিনুল পালিয়ে যায়। পরের দিন মমিনুল তার মেঝ ভাইয়ের স্ত্রী জিয়াসমিন বেগমকে (৫০) সকাল পৌনে ৮টার দিকে ফোন করে নিহতকে গুরুতর জখম করে ঘরের মধ্যে আটকে রেখেছে বলে জানায়। বিষয়টি জিয়াসমিন বেগম নিহতের মেয়ে আলপনা আক্তার মলিকে মোবাইল ফোনের মাধ্যমে জানায়।
পরের দিন সকল সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শাহানাজ পারভীন শাহিনকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই সুলতান বেপারী বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা দায়ের করলে ২৯ এপ্রিল ২০১৯ সালে আসামিকে সিরাজদিখান উপজেলার কুচিয়া মোড়া এলাকা থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ। পরে আদালতে আসামি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
