জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের ফলাফল প্রকাশ
গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল বুধবার রাত ৮টায় প্রকাশ করা হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তিনি জানান, এ পরীক্ষায় পাসের হার ৭১ দশমিক ২৭ শতাংশ। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৮৩ হাজার ৭৯ জন। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৮৯ জন শিক্ষার্থী। ১২২টি কেন্দ্রে ১৭৬টি কলেজে ২৮টি বিষয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংগতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রাত ৮ টার পর থেকে এ পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।
