বঙ্গমাতা বাঙালি জাতির প্রেরণার উৎস : হুইপ ইকবালুর রহিম
দিনাজপুর প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা। এ লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যে প্রেরণাদাতা ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর গোটা রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি কাজে প্রেরণার উৎস হয়ে ছিলেন।
মঙ্গলবার দিনাজপুরে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান এবং অসহায় ও অসচ্ছল নারী উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
দেশের নারী সমাজকে বঙ্গমাতার আদর্শকে অনুসরণ করে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে উল্লেখ করে হুইপ ইকবালুর রহিম বলেন, বঙ্গমাতা বাঙালি জাতির প্রেরণার উৎস। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ইতিহাসে বঙ্গমাতার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
এর আগে সকাল সাড়ে ৯টায় দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদসহ মুক্তিযোদ্ধারা, আওয়ামী লীগ, দিনাজপুর প্রেসক্লাব, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জাতীয় মহিলা সংস্থা দিনাজপুর চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য সুলতানা বুলবুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. ওয়াহেদুল আলম আর্টিস্ট, দিনাজপুর সিটি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল বিশ্বাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খাান, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম এ কাদের।
আলোচনা শেষে ১০০ জন কর্মক্ষম অসহায়-অসচ্ছল নারী উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
