ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা, তেলবাহী লরির হেলপারের পা বিছিন্ন

দিনাজপুর প্রতিনিধি

গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে ঘোড়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাঁচামাল বোঝাই ট্রাকের পেছনে একটি তেলবাহী লরির ধাক্কায় ওই লরিতে থাকা ছোটন সরকার নামে এক হেলপারের বাম পা শরীর থেকে বিছিন্ন হয়ে গেছে। ছোটন সরকার (১৮) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া গ্রামের বাসিন্দা ও পেট্রোলিয়াম কোম্পানি কর্মরত ছিলেন।

সোমবার দিবাগত রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে ঘোড়াঘাট উপজেলার টিএন্ডটি মোড়ে এ দুঘর্টনা ঘটে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ওই স্থানে পূর্ব থেকেই গোবিন্দগঞ্জগামী একটি কাঁচামাল ভর্তি ট্রাক দাঁড়ানো ছিল। একই পথ দিয়ে আসা একটি তেলের লরি দাঁড়ানো ট্রাককে সজোরে ধাক্কা দিলে তেলের লরির সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে লরিতে থাকা চালক রক্ষা পেলেও হেলপারের বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল পৌঁছানোর আগেই স্থানীয়রা আহত ছোটন সরকারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, দুঘর্টনায় কবলিত তেলের লরিটি পুলিশের হেফাজতে আছে। এ ঘটনার পরই অপর কাঁচামাল ভর্তি ট্রাকটি পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights