রংপুরে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুর নগরীর মুন্সিপাড়া এলাকার মনোয়ারুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যা মামলায় আব্দুর রহিম নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক কৃষ্ণকান্ত রায় এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

মামলা সূত্রে জানা গেছে ২০১৯ সালের ১৯ ডিসেম্বর রংপুর নগরীর মুন্সিপাড়া এলাকার একটি নির্মাণাধিন বাড়িতে বসে জুয়া খেলার সময় টাকা নিয়ে লালমসজিদ এলাকার কফিল উদ্দিনের পুত্র আব্দুর রহিমের সাথে একই এলাকার আশেক আলীর পুত্র মনোয়ারুল ইসলামের কথা কাটাকাটি ও ঝগড়া বাঁধে। এক পর্যায়ে আব্দুর রহিম রহিম কুপিয়ে মনোয়ারুল ইসলামকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন নিহত মনোয়ারুল ইসলামের ভাই আনোয়ারুল ইসলাম বাদী হয়ে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানায় হত্যা মামলা করেন। মামলায় আসামি আব্দুর রহিমের নামসহ আরো ৩/৪ জন আসামীর নাম উল্লেখ করা হয়। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে আসামী আব্দুর রহিমকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে পুলিশের কাছে মনোয়ারুল ইসলামকে হত্যার কথা স্বীকার করে। পরবর্তীতে আসামী আব্দুর রহিম আদালতে ম্যাজিষ্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন। পরে পুলিশ তদন্ত শেষে অআব্দুর রহিমের নামে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিচারক আসামী আব্দুর রহিমকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

সরকারপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী অতিরিক্ত পিপি নয়নুর রহমান টফি জানান, আসামী আব্দুর রহিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় বিচারক এ রায় প্রদান করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুর রশীদ চৌধুরী বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights