‘পাঠান’-‘বাহুবলী’র রেকর্ড ভাঙল ‘গদার ২’?

অর্থনৈতিক সঙ্কটে ভুগছেন বলিউড অভিনেতা সানি দেওল। তার বাড়িও নাকি নিলামে ওঠার কথা ছিল। যদিও এক মাস বাড়তি সময় দিয়েছে ব্যাঙ্ক।

ব্যক্তি জীবনে ঝড় বয়ে গেলেও বক্স অফিসে কিন্তু তার সিনেমা গদার বাজিমাত করছে। লাভের অঙ্ক রোজ বেড়েই চলেছে। ‘গদার ২’ যেন বক্স অফিসে দমকা হাওয়ার মতো। মাত্র ১৭ দিনেই এই ছবি ৪৫০ কোটি টাকার ব্যবসা করেছে। এর আগে এত কম সময়ে ৪৫০ কোটি গণ্ডি পার করার নজির ছিল শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ও রাজমৌলি পরিচালিত ‘বাহুবলী’-র। কিন্তু সেই নজির ভেঙে দিল সানির ছবি।

অনিল শর্মা পরিচালিত ‘গদার ২’ ক্রমশ এগিয়ে চলেছে ৫০০ কোটির দিকে। শনিবারই ‘কেজিএফ ২’-কে পিছনে ফেলে ছিনিয়ে নিয়েছে তৃতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমার খেতাব। রবিবারে ফের নয়া নজির। সব থেকে দ্রুত ৪৫০ কোটি টাকা আয় করেছে সানির ‘গদার ২’। এর আগে ‘পাঠান’ ১৮ দিনে এই অঙ্ক ছুঁয়েছিল। অন্য দিকে, ‘বাহুবলী’ ২০ দিনের মাথায় ৪৫০ কোটির মুখ দেখে। এ দিক থেকে সানির ছবি খানিকটা এগিয়ে রয়েছে। এ বার ছবির র্নিমাতাদের চোখ ৫০০ কোটির দিকে। যদিও পরিচালক নিশ্চিত, ‘পাঠান’-এর নজির ভাঙবে তাঁর ‘গদার ২’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights