স্মার্ট কার্ডের আওতায় আসছে খুবি
নিজস্ব প্রতিবেদক, খুলনা
এবার আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত স্মার্ট কার্ডের আওতায় আসছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। এই স্মার্ট কার্ডে শিক্ষার্থীদের নাম, নিবন্ধন নম্বর, আইডি কোড, ছবি, ডিসিপ্লিন, হল কোড, বর্ষ ব্যক্তিগত সব তথ্য সংরক্ষণ করা হবে। এছাড়া শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যক্তিগত সব তথ্য থাকবে স্মার্ট কার্ডে।
এটি ব্যবহার করে প্রাথমিক পর্যায়ে লাইব্রেরিতে চেক ইন-চেক আউট, সেলফ বুক ইস্যু, সেলফ বুক রিটার্ন, অটো গেট পাশ, বুক হোল্ডিং এর মতো সুবিধাগুলো পাওয়া যাবে। পরবর্তীতে পর্যায়ক্রমে মেডিকেল সুবিধা, জিমনেশিয়াম, আবাসিক হল, ইন্টারনেট সার্ভিসসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা এর আওতায় আসবে। ইতোমধ্যে কার্ড তৈরির জন্য সকল ডিসিপ্লিন, আবাসিক হল ও দপ্তর থেকে প্রয়োজনীয় সকল তথ্য সংগ্রহ করা হয়েছে।
শনিবার আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম বলেন, শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ও রেজিস্ট্রেশনসহ এরই মধ্যে ডি-নথি বাস্তবায়ন, আবাসিক হলের সিট বুকিং, অ্যাপস্ ব্যবহার করে ঢাকাস্থ গেস্ট হাউজের রুম বুকিং, অনলাইনে চাকরির আবেদন, আধুনিক সুবিধা সম্বলিত স্মার্ট ক্লাস রুম, প্রশিক্ষণ কক্ষ, ল্যাব চালু করা হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের স্মার্ট কার্ডের আওতায় আনার উদ্যোগ বাস্তবায়ন হলে বিশ্ববিদ্যালয় ডিজিলাইজেশনের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।
