অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষিকার ‘লঘুদণ্ড’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদন্ডী হিলচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌস আরা বেগমকে অনিয়ম ও দুর্নীতির অপরাধে সরকারি কর্মচারী বিধিমালায় ‘লঘুদণ্ড’ দেওয়া হয়েছে। আগামী এক বছর তার বেতন বৃদ্ধি বন্ধের নির্দেশ দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতর চট্টগ্রামের উপ-পরিচালক ড. শফিকুল ইসলাম। প্রাথমিক শিক্ষা অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়।

পটিয়া উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা দেবাশিষ বিশ্বাস বলেন, প্রধান শিক্ষিকা ফেরদৌস আরা বেগমের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত প্রতিবেদনের পর বিভাগীয় মামলা রুজু করা হয়। মামলার শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার একটি বার্ষিক বেতন বৃদ্ধি ১ বছরের জন্য স্থগিত করে লঘুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া স্থগিত হওয়া বেতন পরবর্তীতে তিনি বকেয়া হিসেবে প্রাপ্য হবেন না।

জানা যায়, হিলচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌস আরা বেগমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত অপরাধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার অনুযায়ী অভিযুক্ত করে গত ১ আগস্ট বিভাগীয় মামলা দায়ের করে জবাব প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়। অভিযুক্ত ওই প্রধান শিক্ষিকা গত ৮ আগস্ট লিখিত জবাব দাখিল করেন এবং তিনি ব্যক্তিগত শুনানিতে অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করেন বিধায় ২৭ আগস্ট তার ব্যক্তিগত শুনানি গ্রহণ করা হয়।
অভিযুক্ত প্রধান শিক্ষিকা দাখিল করা জবাব ব্যক্তিগত শুনানির বক্তব্য, বিভাগীয় মামলার প্রাসঙ্গিক রেকর্ডপত্র ও সার্বিক বিষয় পর্যালোচনায় তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়। এজন্য সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা উপবিধি অনুযায়ী ‘লঘুদণ্ড’ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights