বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই গৃহবধূর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই গৃহবধূ মারা গেছেন। শুক্রবার বিকেলে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের টেপাটারি গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম (৩০) ও বাবলুর ছোট ভাই একাব্বর আলীর স্ত্রী নিলুফা বেগম (২৬)।

খোঁজ নিয়ে জানা গেছে, বিকেলে গোসল করার সময়ে আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা গোসলখানার টিনের বেড়ায় আটকে যায় ফিরোজা। তার চিৎকারে নিলুফা উদ্ধারে এগিয়ে আসলে তিনিও সেখানে আটকে যান। খবর পেয়ে প্রতিবেশিরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে দুজনের মরদেহ বাড়িতে নিয়ে যায় স্বজনরা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনা স্থলে এসেছি। তাদের পরিবারের লোকজন ঢাকায় অবস্থান করছে। ঢাকা থেকে আসলে তাদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights