ফরিদপুরে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩২৬

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৭০ জন। এ ছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৩২৬ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৩৫ জন।

শনিবার (৭ অক্টোবর) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন-ফরিদপুরের সদরপুর উপজেলার চরকুমারিয়া গ্রামের মো. ইমনের স্ত্রী ঋতু বেগম (২০), রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার বন্যতৈল এলাকার কনক বসুর স্ত্রী করুণা বসু (৫০) ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর এলাকার আলফু সেকের স্ত্রী সালমা বেগম (৬৮)।
ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ৭৫ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে ৩৮১ জন রোগী চিকিৎসাধীন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩২৬ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৩৫ জন।

সিভিল সার্জন জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৭০ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ১৪৫ জন। এর মধ্যে ১৩ হাজার ৪২০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights