নিয়োগ পরীক্ষায় সবাই ফেল, বাতিল হলো পরীক্ষা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে নিয়োগ পরীক্ষায় ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই ফেল করায় নিয়োগ পরীক্ষাটি বাতিল করেছে কলেজ কর্তৃপক্ষ। শনিবার মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজের ল্যাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, মদন জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজের ল্যাব সহকারী ৪ পদে (উদ্ভিদ ও প্রাণীবিদ্যা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রসায়ন,পদার্থ) জনবল নিয়োগের জন্য গত ৯ এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৪টি পদের বিপরীতে মোট ৪৬ জন প্রার্থী আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে শনিবার কলেজে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় ৪টি পদে ২৪ জন প্রার্থী অংশ নেয়। এতে সবাই ফেল করেন। লিখিত এ পরীক্ষায় কেউই পাস মার্ক পায়নি। তাই নিয়োগ পরীক্ষাটি বাতিল করেন নিয়োগ কর্তৃপক্ষ।

নিয়োগ কমিটির সদস্য সচিব ও কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক রায়ান আহম্মদ সিদ্দিকী বলেন, আমরা শুরু থেকেই স্বচ্ছ ও নিরপেক্ষ একটি নিয়োগ পরীক্ষার মাধ্যমে জনবল নিয়োগ দেওয়ার চেষ্টা করেছি। নিয়োগ পরীক্ষায় সকল প্রাথী অকৃতকার্য হওয়ায় নিয়োগ কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরীক্ষাটি বাতিল করা হয়েছে।
কলেজের গর্ভনিং বডির সভাপতি ও ইউএনও মো. শাহ আলম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, লিখিত পরীক্ষার শর্তানুযায়ী উর্ত্তীণ প্রার্থী না পাওয়ায় নিয়োগের কার্যক্রম বাতিল করা হয়েছে। পরবর্তী সভা করে জনবল নিয়োগ কার্যক্রম শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights