গোপালগঞ্জে পুতুলনাট্য উৎসব
গোপালগঞ্জ প্রতিনিধি
‘গণজাগরণের শিল্প আন্দোলন’ কর্মসূচি বাস্তবায়নে আজ রবিবার (৮ অক্টোবর) ২টি বিদ্যালয়ে পুতুলনাট্য অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ১ টায় গোপালগঞ্জ শহরের শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ‘বনবাসী রূপবান’ পালা পরিবেশিত হয়। এরপর দুপুর ২ টায় গোপালগঞ্জ এস. এম. মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পুতুলনাট্য ‘সতী বেহুলা’ পালা মঞ্চস্থ করা হয়।
পুতুলনাট্য দু’ স্থানে পরিবেশন করে নিউ রংমহল পুতুল নাচ। জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত এ তথ্য জানিয়েছেন।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী বলেন, আমাদের লোক সংস্কৃতি ধরে রাখতে নতুন প্রজন্মের সামনে এটি উপস্থাপন করা হয়েছে। পুতুল নাট্য আমাদের লোক সংস্কৃতির একটি অংশ। এটি হারিয়ে যেতে বসেছে। এটির পৃষ্ঠপোষকতা করতে ও আমাদের সংস্কৃতির শেকড় সম্পর্কে নতুন প্রজন্মকে জানান দিতেই আমাদের এ আয়োজন।
‘গণজাগরণের শিল্প আন্দোলন’ কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জের ব্যবস্থাপনায় এ পুতুল নাট্যের আয়োজন করা হয়েছে।
শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহানাজ রেজা এ্যানী বলেন, পুতুলনাট্য সুস্থ বিনোদনের একটি মাধ্যম। সংস্কৃতিতে সুস্থ ধারা দিন দিন হারিয়ে যাচ্ছে। এমন চমৎকার সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ জানাই।
