কালিয়াকৈরে দ্বিতীয় দিনেও সরকারি কলেজ শিক্ষকদের কর্মবিরতি চলছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে বিসিএস সাধারণ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিন দিনের সর্বাত্মক কর্মবিরতি পালন করছে সরকারি কলেজ শিক্ষকরা। বুধবার দ্বিতীয় দিনেও সকালে উপজেলার চন্দ্রা এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষকরা এ কর্মবিরতি পালন করছেন।

কলেজ ক্যাম্পাসে সমিতির কলেজ ইউনিটের সভাপতি অধ্যক্ষ প্রফেসর ড. সুফিয়া বেগমের নেতৃত্বে শিক্ষক পরিষদের সম্পাদক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেহেরুন্নেছা মিনুসহ কলেজের সকল শিক্ষকরা এ কর্মসূচিতে অংশ নেন।

এসময় ‘ক্যাডার বৈষম্য নিরসন চাই’ স্লোগানকে সামনে রেখে ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান, প্রাথমিক শিক্ষক অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষক অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষক ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষক ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও জেলা উপজেলায় শিক্ষক ক্যাডার নিয়ন্ত্রিত শিক্ষক প্রশাসন দপ্তর সৃষ্টি, প্রয়োজনীয় পদসৃজন, চাকরির ৫ বছর পূর্তিতে ষষ্ঠ গ্রেড প্রদানসহ বিসিএস সাধারণ শিক্ষক ক্যাডারের ন্যায্য দাবিতে বিসিএস সাধারণ শিক্ষক সমিতি ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে।

আগামীকাল ১২ অক্টোবর পর্যন্ত তাদের চলমান সর্বাত্মক কর্মবিরতি চলবে। এর আগে একই দাবিতে গত ২ অক্টোবর সর্বাত্মক কর্মবিরতি পালন করে বিসিএস সাধারণ শিক্ষক সমিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights