অনকুয়েট উপাচার্যের বাসভবনে তালা দিলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বিশেষ সিন্ডিকেটে নেওয়া সিদ্ধান্ত প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার রাতে ‘রক্তাক্ত কুয়েট’ চিত্র প্রদর্শনী শেষে তারা এ ঘোষণা দেন। পরে মিছিল নিয়ে ভিসির বাসভবনে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

শিক্ষার্থীরা জানান, সিন্ডিকেটে কিছু দাবি কৌশলে এড়িয়ে নিজেদের মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার সঙ্গে শিক্ষার্থীরা কোনোভাবেই একমত না। সুতরাং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।

শিক্ষার্থীরা আরও বলেন, আমরা ভিসি স্যারকে নির্যাতন করেছি বলে যে অপপ্রচার চালানো হয়েছে তা ‘সম্পূর্ণরূপে মিথ্যা’। আমরা যথেষ্ট সম্মানের সঙ্গে আচরণ করেছি। অপপ্রচার চালানো হয় প্রশাসন আমাদের পাঁচটি দাবি মেনে নিয়েছে, অথচ এটিও ‘মিথ্যা’। আমাদেরকে কেবল আশ্বস্ত করা হয়েছে। তারা যে কমিটি গঠন করেছে সে কমিটিতে সাধারণ ছাত্রদের কাউকে রাখা হয়নি। সন্ত্রাসীরা যে নৃশংস হামলা চালিয়েছে তার ভিডিও ফুটেজ ছবি থাকার পরেও প্রশাসন নির্বিকার। এটা সাধারণ ছাত্রদের প্রতি তামাশা ছাড়া আর কিছুই নয়। ফলে ভিসি স্যারের বাসভবনে তালা ঝুলানো হয়েছে।

তবে ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বর্তমানে ওই বাসভবনে নেই বলে নিশ্চিত হওয়া গেছে।

এর আগে ‘রক্তাক্ত কুয়েট’ শিরোনামে ১৮ ফেব্রুয়ারি হামলার চিত্র প্রদর্শনী করে শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights