অনন্য রেকর্ডের হাতছানি ম্যানইউর তরুণ প্রতিভা গ্যাব্রিয়েলের সামনে

স্পোর্টস ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অভিষেকের অপেক্ষায় ১৫ বছর বয়সী তরুণ প্রতিভা জেজে গ্যাব্রিয়েল। মূল দলে সুযোগ পেলেই প্রায় সাত দশকের পুরোনো একটি রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে এই বিস্ময়বালকের সামনে।

অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর ইউনাইটেডের সিনিয়র দলের নজরে এসেছেন গ্যাব্রিয়েল। সম্প্রতি অনূর্ধ্ব-২১ দলের হয়ে অভিষেকেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই প্লেমেকার।

দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার ইপ্সউইচ টাউনকে ৫-০ গোলে হারানো ম্যাচে অনূর্ধ্ব-২১ দলের হয়ে মাঠে নামেন গ্যাব্রিয়েল। অভিষেক ম্যাচেই একটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেন তিনি। ম্যাচটি গ্যালারিতে বসে দেখেন ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দলের কোচ মাইকেল ক্যারিক।

প্রাক্-মৌসুমে ইউনাইটেডের সিনিয়র দলের সঙ্গে অনুশীলনের সুযোগও পেয়েছেন গ্যাব্রিয়েল। গত ১ আগস্ট স্টকহোমে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচেও দলের হয়ে মাঠে নামেন তিনি।

তবে বর্তমানে ইউনাইটেডের মূল দলের স্কোয়াড পূর্ণ থাকায় গত সপ্তাহে একাডেমির অনুশীলনে ফিরে গেছেন এই তরুণ। মেসন মাউন্ট ও ম্যানুয়েল উগার্তে চোটের কারণে দলের বাইরে থাকলেও মূল দলে জায়গা পাওয়ার লড়াই বেশ কঠিন।

তবু গ্যাব্রিয়েলকে নিয়ে আশাবাদী ইউনাইটেড। মাইকেল ক্যারিকের অধীনে ভবিষ্যতে আরও বেশি সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে তার। ক্লাবটি চায়, ১৬ বছর বয়সে পা রাখার পর গ্যাব্রিয়েল তাদের সঙ্গে একটি প্রাক্-চুক্তি স্বাক্ষর করুন।

সবচেয়ে বড় আকর্ষণ অবশ্য অপেক্ষা করছে রেকর্ডের হাতছানি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ডটি বর্তমানে ডেভিড গ্যাস্কেলের দখলে। ১৯৫৬ সালে ১৬ বছর ১৯ দিন বয়সে ইউনাইটেডের জার্সিতে অভিষেক হয়েছিল তার।

গ্যাব্রিয়েলকে সেই রেকর্ড ভাঙতে হলে ২০২৬ সালের অক্টোবরের আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দলে মাঠে নামতে হবে। মাত্র ১৫ বছর বয়সেই তাই ইতিহাসের পাতায় নাম লেখানোর সুযোগ তৈরি হয়েছে এই ইংলিশ তরুণের সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights