অনিরুদ্ধ-কাব্যর বিয়েতে দাওয়াত পেলেন মোদি ও বিজয়
শোবিজ ডেস্ক
দক্ষিণ ভারতীয় বিনোদন ও শিল্প জগতের দুই প্রভাবশালী ব্যক্তিত্ব—জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর এবং সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক তথা আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের কর্ণধার কাব্য মারানের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জল্পনা এবার বাস্তবের আলো দেখতে চলেছে। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে গ্রিসে বসতে চলেছে তাদের রাজকীয় বিয়ের আসর।
বিয়ে ঘিরে চরম গোপনীয়তা বজায় রাখা হলেও সম্প্রতি দেশের শীর্ষ নেতৃত্ব ও বিশিষ্ট রাজনীতিকদের বিয়ের সংবর্ধনা বা রিসেপশন অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র দেওয়ার ছবি সামনে আসতেই এই খবরটি নিশ্চিত হয়েছে।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই হাইপ্রোফাইল বিয়ের বিষয়ে তথ্য প্রকাশ করেছেন। তেলেঙ্গানা মুখ্যমন্ত্রীর সরকারি হ্যান্ডেল থেকে জানানো হয় যে সান গ্রুপ প্রধান কালানিথি মারান এবং তার স্ত্রী কাবেরী মারান জুবিলি হিলসে তার বাসভবনে গিয়ে দেখা করেন এবং মেয়ে কাব্য মারান ও অনিরুদ্ধ রবিচন্দরের বিয়ে-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানান। আগামী ২১ নভেম্বর চেন্নাইতে এই জমকালো সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
এর পরপরই সান নেটওয়ার্কের পক্ষ থেকে বেশ কিছু ছবি প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় সান টিভি গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারান এবং দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে বিয়ের বিশেষ নিমন্ত্রণপত্র তুলে দিচ্ছেন। অন্য একটি ছবিতে সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর স্বয়ং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সঙ্গে সাক্ষাৎ করে তাকে ২১ নভেম্বরের সংবর্ধনা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।
ভারতের বেশ কিছু জাতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গ্রিসের নৈসর্গিক পরিবেশে আগামী ১১ নভেম্বর অনিরুদ্ধ ও কাব্যর বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে। তবে বিয়ের মূল অনুষ্ঠানটি অত্যন্ত ব্যক্তিগত ও ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে রাখা হলেও চেন্নাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিনোদন, রাজনীতি এবং খেলাধুলার জগতের নক্ষত্রদের মিলনমেলা বসতে চলেছে।
যদিও অনিরুদ্ধ বা কাব্য কেউই এই বিষয়ে সরাসরি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি, তবে অনিরুদ্ধর আত্মীয় ও প্রবীণ অভিনেতা ওয়াই জি মহেন্দ্র সম্প্রতি একটি সাক্ষাৎকার ইঙ্গিত দিয়েছিলেন যে পরিবারে একটি বড় বিবাহের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ভারতীয় চলচ্চিত্রজগতে অনিরুদ্ধ রবিচন্দর বর্তমানে অন্যতম সফল সংগীত পরিচালক। যিনি ‘লিও’, ‘ভেট্টাইয়ান’, ‘কুলি’ ও ‘জেলার ২’-এর মতো একের পর এক সুপারহিট চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন। অন্যদিকে, কাব্য মারান সান গ্রুপ প্রধান কালানিথি মারানের মেয়ে হওয়ার পাশাপাশি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।
ভিন্ন অঙ্গনের দুই অন্যতম মুখ একসঙ্গে জীবন শুরু করতে চলায় শুভেচ্ছাবার্তায় ভাসছেন তারা।
সূত্র: এনডিটিভি
