‘অনেকে গায়ের সাথে গা লাগিয়ে ছবি তুলবে, সেটা দিয়ে ধান্দা করবে’

কুমিল্লা প্রতিনিধি

বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিন-উর রশিদ ইয়াছিন বলেছেন, অনেকে এখন গায়ের সাথে গা লাগিয়ে ছবি তুলবে। সেই ছবি ব্যবহার করে ধান্দা করবে। নাম পড়বে বিএনপির। এরা বিএনপির কেউ না। বিএনপি ধান্দাবাজের দল না। বিএনপি সেই দল, যে দলের নেতা জিয়াউর রহমান বন্দুক কাঁধে নিয়ে স্বাধীনতা যুদ্ধে গিয়েছেন। ২/১ টা ধান্দাবাজ আছে যারা যার-তার নামে মামলা দিয়া ধান্দা করে।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কুমিল্লা বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইয়াছিন বলেন, খুতবার সময় দেখেছি অনেক ইমাম সাহেব এনএসআই লোকের ভয়ে এদিক সেদিক তাকাতো। কখন জানি কোন কথায় ধরে বসে। আর আলেম ওলামাদেরতো জঙ্গি বানিয়ে জেলে ঢুকিয়েছে। আপনারাই সেই ওলামা দল যারা সামনে বড় ভূমিকা রাখবেন। অনেকে বলেছেন দলে অতিথি পাখিদের জায়গা দেয়া হবে না। আমি বলবো আমাদের নেতার দরকার নেই। কর্মী ও সাপোর্টার লাগবে। ভোটার লাগবে। কারণ সামনের দিকে ভোটের বাক্স হবে ইমাম সাহেবের খুতবার মিম্বরের মতো পবিত্র। আগের মতো কেউ চাইলেই সেখানে ঢুকতে পারবে না।
কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ ইকবাল হোসাইন নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী, সদস্য অধ্যক্ষ শাহ্ মো. নেছারুল হক, ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আলমগীর হোসেন, সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights