অপ্রতিমকে শেষবারের মতো দেখতে হাজারো মানুষের ভিড়

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রবিবার সকালে অপ্রতিমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজার পূর্বে তাকে শেষবারের মতো এক নজর দেখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা -কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় হাজারো মানুষ ভিড় করেছে। এ সময় ছোট্ট শিশুকে হত্যার ঘটনায় অনেককে অশ্রু সজল হতে দেখা গেছে। তারা এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন।

এর আগে, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর তার মরদেহের সন্ধান মেলে। পুলিশের তথ্য মতে তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় সে। এরপর আর বাড়ি ফেরেনি। সন্ধ্যার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং তার বাবা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি নির্জন স্থানে স্থানীয় কয়েকজন অপ্রতীমের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তুহিন নামে একজনকে প্রথমে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আনাস ও ফাহিম আহমেদ নামে আরও দুজনসহ মোট তিনজনকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights