অবহেলার কারণে মশার প্রজনন হলে কঠোর আইনি ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক
বাড়িঘর, দোকানপাট কিংবা প্রতিষ্ঠানের আশপাশে অবহেলাজনিত কারণে মশার প্রজননস্থল তৈরি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজেদের বাড়ি, আঙিনা ও চারপাশ পরিষ্কার রাখতে হবে। ছাদ, ড্রেন, টব, ফ্রিজ বা এসির নিচে কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। বিশেষ করে নির্মাণাধীন ভবনের বেজমেন্টে পানি জমে মশার প্রজনন ঘটলে কোনো ছাড় দেওয়া হবে না। মানুষের জীবন রক্ষায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।

তিনি বলেন, আগামী ১২ সেপ্টেম্বর (শনিবার) থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। প্রতি শনিবারের এই পরিচ্ছন্নতা অভিযানে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, নতুন প্রজন্মকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিতে হবে। শিক্ষার্থীরা মাঠে নামলে সমাজ ও পরিবেশের ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করা সম্ভব।

বৃক্ষরোপণ জোরদারের ওপর গুরুত্বারোপ করে আবদুস সালাম বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। তিনি নগরবাসীকে যত্রতত্র প্লাস্টিক ও পলিথিন বর্জ্য ফেলা থেকে বিরত থাকার অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights