অস্বচ্ছল শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা কাজী জিয়াউদ্দিন বাসিত

জবি প্রতিনিধি

অর্থের অভাবে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে তখনই এক মানবিক ভূমিকা রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ইসলামিক স্টাডিজ বিভাগে তৃতীয় মেধাতালিকায় সুযোগ পাওয়া কুড়িগ্রামের এক মেধাবী শিক্ষার্থী ভর্তি ফি না পেয়ে দিশেহারা হয়ে পড়লে, তার পাশে দাঁড়ান এই ছাত্রনেতা।

জানা গেছে, ভর্তি হতে রাজধানীতে এসে খরচের চিন্তায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন ওই শিক্ষার্থী। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা চোখে পড়ে ছাত্রদল নেতা বাসিতের। সময় ক্ষেপণ না করে তিনি শিক্ষার্থীটির ভর্তি ফি ও আনুষঙ্গিক খরচের দায়িত্ব নেন। এর ফলে ভর্তি অনিশ্চয়তা কেটে যায় এবং শিক্ষার্থীটির উচ্চশিক্ষার পথ খুলে যায়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্র থেকে জানা যায়, এটি প্রথম নয়—এর আগেও বাসিত অসহায় ও সুবিধাবঞ্চিত বহু শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন। শুধু রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নন তিনি; বরং ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সময় শিক্ষা সহায়তা দিয়ে গড়েছেন মানবিকতার দৃষ্টান্ত।

ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আবেগে ভেসে যান শিক্ষার্থীটি। কণ্ঠে কৃতজ্ঞতা আর চোখে আশার ঝিলিক নিয়ে তিনি বলেন,“আমি সত্যিই ভাষা খুঁজে পাচ্ছি না। যখন মনে হচ্ছিল চারপাশে অন্ধকার, তখন বাসিত ভাই একজন অভিভাবকের মতো পাশে দাঁড়িয়েছেন। শুধু আর্থিক সহায়তাই নয়, তিনি আমাকে সাহস ও অনুপ্রেরণা দিয়েছেন। আমি আজ যা হতে পারছি, তার পেছনে তাঁর অবদান কোনোদিন ভুলব না। আমি স্বপ্ন দেখি, একদিন আমিও কারও পাশে দাঁড়াবো—যেমন করে বাসিত ভাই আজ আমার পাশে দাঁড়িয়েছেন।”

এই বিষয়ে কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, “আমি বিশ্বাস করি, শিক্ষাই একটি জাতির উন্নয়নের মূল চাবিকাঠি। শুধুমাত্র আর্থিক দুর্বলতার কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেই চেষ্টা আমার সবসময় থাকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights