আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের পরিণতি ভালো হবে না: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিকট অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি নাজুক। অর্থনীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি না হলে সরকারের জন্য এর পরিণতি সুখকর হবে না বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করা হয়েছে। বাজেটের বিশ্লেষণ করে আমি সংসদেও কথা বলেছি। এটি কতটা বাস্তবায়নযোগ্য, সেটিও একটি বড় প্রশ্ন।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সামগ্রিক অবস্থা বিবেচনায় সরকারের দুইজন মন্ত্রীর ওপর অন্তত ৫০ শতাংশ দায়িত্ব বর্তায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের চেয়ে অন্য মন্ত্রণালয়ের বিষয়ে বেশি আগ্রহ ও তৎপরতা দেখাচ্ছেন। তিনি যদি নিজের দায়িত্ব পালনে একইভাবে মনোযোগী হতেন, তাহলে দেশবাসী উপকৃত হতো।

তিনি আরও বলেন, মনে রাখতে হবে, কোনো অন্যায়ই অদেখা বা শাস্তিহীন থাকে না। আজ যা করা হচ্ছে, একদিন তারও জবাবদিহি করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights