আইপিএল নিলামে বড় চমক জম্মু-কাশ্মীরের নবি
অনলাইন ডেস্ক
আইপিএল-২০২৬ নিলামে বড় চমক দেখালেন জম্মু ও কাশ্মীরের পেস বোলিং অলরাউন্ডার আকিব নবি। আগেরবার নিলামে দল না পাওয়া ডানহাতি এই পেসারকে এবার আট কোটি ৪০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। এক লাফে এত বড় অঙ্কে বিক্রি হওয়াটা আকিবের ক্যারিয়ারে নতুন দিগন্ত খুলে দিল।
দুবাইয়ে আজ মিনি নিলামে আকিব নবি ছিলেন বেশ চাহিদাসম্পন্ন ক্রিকেটার। চারটি ফ্র্যাঞ্চাইজি তার জন্য দর হাকায়। শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালসই সর্বোচ্চ দর দিয়ে নিশ্চিত করে তাকে।
সাম্প্রতিক মৌসুমগুলোতে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজের নাম আলাদা করে তুলেছেন আকিব নবি। সুইং বোলিংয়ের পাশাপাশি ডেথ ওভারে বল করার দক্ষতা তাঁকে সীমিত ওভারের ক্রিকেটে কার্যকর বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। চলতি মৌসুমের সৈয়দ মুশতাক আলি ট্রফিতে তিনি সাত ম্যাচে ১৫ উইকেট নেন, যেখানে তাঁর ইকোনমি রেট ছিল আটের নিচে।
১৯৯৬ সালের ৪ নভেম্বর জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় জন্মগ্রহণ করেন আকিব নবি। তিনি ডানহাতি ব্যাটার ও মিডিয়াম পেসার। ২০১৮–১৯ মৌসুমের বিজয় হাজারে ট্রফিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হয় তার। পরের মৌসুমে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে টি-টোয়েন্টি এবং রঞ্জি ট্রফিতে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে।
প্রথম শ্রেণির ক্রিকেটে আকিব নবি এখন পর্যন্ত নিয়েছেন ১২৫ উইকেট। তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার ৭ উইকেট ২৪ রান। ২০২৪–২৫ রঞ্জি মৌসুমে তিনি একাই শিকার করেন ৪৪ উইকেট। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ২০২৫–২৬ মৌসুমে দীলিপ ট্রফিতে নর্থ জোন দলে সুযোগ পান।
এর আগে ২০২৫ সালের মেগা নিলামে অবিক্রীত থেকে হতাশা প্রকাশ করে এক সাক্ষাৎকারে আকিব নবি বলেছিলেন, ধারাবাহিক ভালো খেলেও নিলামে নাম পর্যন্ত না ওঠা ছিল ভীষণ হতাশাজনক। তবে সময়ের সঙ্গে সেই হতাশা পেছনে ফেলে অবশেষে আইপিএলের মঞ্চে জায়গা করে নিলেন জম্মু–কাশ্মীরের এই পেসার।
দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়ে আইপিএলে নিজের সামর্থ্য প্রমাণ করার বড় সুযোগ পাচ্ছেন আকিব নবি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের পর এবার জাতীয় ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁর পারফরম্যান্সের দিকেই তাকিয়ে থাকবেন ক্রিকেটপ্রেমীরা।
