আইপিএলের কাউন্টডাউন শুরু
অনলাইন ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ আসরের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এখন দশটি ফ্র্যাঞ্চাইজির হাতে তাদের দল গঠন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় কমে এসেছে। আগামী ১৬ ডিসেম্বর আইপিএলের মিনি-নিলাম অনুষ্ঠিত হবে। এর আগে দলগুলোর ক্রিকেটারদের ধরে রাখার (রিটেনশন) সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
আইপিএলের নিয়ম অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিগুলোকে ১৫ নভেম্বরের মধ্যে তাদের রিটেনশন তালিকা জমা দিতে হবে। তাই ১০টি দলকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা কোন খেলোয়াড়দের দলে রাখতে চায় এবং কাদের ছেড়ে দিতে প্রস্তুত।ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আইপিএল গভর্নিং কাউন্সিল এবং বিসিসিআই মিনি-নিলামের তারিখ চূড়ান্ত করেছে। জানা গেছে, আইপিএল ২০২৭-এর মিনি নিলাম ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে। পছন্দের খেলোয়াড়দের দলে নেওয়ার জন্য দলগুলোর হাতে মাত্র একদিন সময় থাকবে।
এই নিলামের দিনেই বেঙ্গালুরুতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলগুলোকে ১৫ নভেম্বরের মধ্যে তাদের ধরে রাখা খেলোয়াড়দের (রিটেনশন) তালিকা চূড়ান্ত করতে হবে। এই সময়সীমা পার হওয়ার পর সব ফ্র্যাঞ্চাইজি নিলামের জন্য নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা পাবে এবং সেখান থেকে তাদের পছন্দের খেলোয়াড়দের বাছাই করবে।
নিলামের আগের সপ্তাহে চূড়ান্ত তালিকা এবং কোন ক্রমে খেলোয়াড়দের নিলামে তোলা হবে, তা জানা যাবে বলে আশা করা হচ্ছে। আইপিএল ২০২৬ মৌসুম শেষ হওয়ার পর থেকে ট্রেড উইন্ডোতে খুব একটা তৎপরতা দেখা যায়নি। এখন পর্যন্ত মাত্র দুটি চুক্তির খবর পাওয়া গেছে। চলতি বছরের জুনে লখনউ সুপার জায়ান্টস তাদের অধিনায়ক ঋষভ পন্তকে দিল্লি ক্যাপিটালসে পাঠায় এবং বিনিময়ে রিস্ট-স্পিনার কুলদীপ যাদবকে দলে নেয়।
সম্প্রতি দিল্লি ক্যাপিটালস আরও একটি চুক্তি করেছে। তারা ফাস্ট বোলার টি নটরাজনকে সানরাইজার্স হায়দরাবাদে পাঠিয়েছে এবং বিনিময়ে পেয়েছে আনক্যাপড লেগ-স্পিনার জিশান আনসারিকে। এই দুটি ছাড়া আর কোনো চুক্তি এখনো হয়নি। এর মধ্যেই শোনা যাচ্ছে, গ্যারেথ ব্যাটি কি চেন্নাইয়ে যোগ দিতে যাচ্ছেন।
আইপিএলের নিয়ম অনুযায়ী, মৌসুম শেষ হওয়ার এক মাস পর ট্রেড উইন্ডো (খেলোয়াড় অদলবদলের সুযোগ) খুলে যায় এবং নিলামের এক সপ্তাহ আগ পর্যন্ত তা চালু থাকে। এরপর এটি পুনরায় খোলে এবং পরবর্তী মৌসুম শুরুর এক মাস আগ পর্যন্ত কার্যকর থাকে।
আইপিএলের পরবর্তী আসরের আনুষ্ঠানিক সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে ২০২৪ সালে আইপিএল কর্তৃপক্ষ ২০২৭ সালের টুর্নামেন্টের জন্য ১৪ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত একটি সম্ভাব্য সময়সীমার ইঙ্গিত দিয়েছিল। সম্প্রতি বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, আগামী মৌসুমটি মার্চের শেষ নাগাদ শুরু হতে পারে।
আসন্ন নিলামটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বর্তমান চক্রের শেষ ‘মিনি-নিলাম’ হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ২০২৮ মৌসুমের আগে আইপিএল একটি মেগা নিলাম আয়োজন করবে, যা ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য তাদের দল নতুন করে সাজানোর বড় সুযোগ তৈরি করে দেবে।
২০২৮ মৌসুম থেকে একটি নতুন মিডিয়া রাইটস চক্রও শুরু হবে। যদিও বিসিসিআই এখনো পরবর্তী চুক্তির জন্য দরপত্র (টেন্ডার) আহ্বান করেনি। ২০২২ সালে মিডিয়া স্বত্ব বিক্রির মাধ্যমে ৪৮,৩৯০.৫ কোটি রুপি (তৎকালীন বিনিময় হার অনুযায়ী প্রায় ৬.২ বিলিয়ন মার্কিন ডলার) আয় হয়েছিল।
