আইসিসির বিবৃতিতে বাংলাদেশের স্বস্তি

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের পর শাস্তির আশঙ্কায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় স্বস্তি ফিরেছে বোর্ডে। উল্টো বাংলাদেশের জন্য একটি বৈশ্বিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বিশ্বকাপ বয়কটের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছিল বাংলাদেশ। পাশাপাশি আইসিসির জরিমানার আশঙ্কাও ছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো আর্থিক জরিমানা না হওয়ায় বিসিবির সন্তুষ্টি স্পষ্ট হয়ে উঠেছে বোর্ডের সহসভাপতি ফারুক আহমেদের বক্তব্যে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারুক আহমেদ বলেন,’আমি মনে করি, আর্থিক জরিমানা না হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। বিশেষ করে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানোর পর নানা গুঞ্জন ও আলোচনা চলছিল।’

জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার আরও বলেন,’একাধিক নিষেধাজ্ঞা ও শাস্তির সম্ভাবনা ছিল, কিন্তু সেগুলো শেষ পর্যন্ত এড়ানো গেছে। বিশ্বকাপে খেলতে না পারায় আর্থিক ক্ষতির আশঙ্কাও ছিল। সেই ক্ষতি সরাসরি পূরণ না হলেও, এর বদলে বড় কোনো টুর্নামেন্ট আয়োজনের সুযোগ মিলতে পারে, যেমন নারী বিশ্বকাপ।’

সম্প্রতি লাহোরে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে এক বৈঠকে অংশ নেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ওই বৈঠকের পর আইসিসির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নতির পথে, এমনটাই মনে করছেন ফারুক আহমেদ।

বিসিবির সহসভাপতি বলেন,’শুধু জরিমানাই নয়, আরও নানা ধরনের জটিলতা তৈরি হতে পারত। কিন্তু লাহোরের বৈঠকের পর যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, তাতে বোঝা যাচ্ছে আইসিসির সঙ্গে আমাদের সম্পর্ক ধীরে ধীরে ইতিবাচক দিকে এগোচ্ছে।’

উল্লেখ্য, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়ে বিসিবি ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়েছিল। তবে আইসিসি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় এবং স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। তবে বাংলাদেশের ক্ষতির বিষয়টি বিবেচনায় রেখে ভবিষ্যতে একটি আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের স্বত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি।

এ প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন,’আগামী বছর আমরা নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করছি। এছাড়া ২০৩১ সালে ভারতের সঙ্গে যৌথভাবে ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজন করব। কীভাবে আরও বেশি ম্যাচ আয়োজন করা যায়, সে বিষয়েও আমরা ভাবছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights