আখাউড়া উপজেলা যুবলীগের কার্যক্রম স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা যুবলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম খান নিখিলের নির্দেশে দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে কার্যক্রম স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা যুবলীগের ওই কমিটির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

একই প্রেস বিজ্ঞপ্তিতে আখাউড়া পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন কমিটি পুনর্বহাল করা হয়। নতুন ঘোষিত কমিটির বদলে আগের কমিটি কার্যক্রম পরিচালনা করবে বলে নির্দেশনা দেওয়া হয়।

এর আগে আখাউড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ও দুই যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যক্রমের অভিযোগ এনে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে এ কারণ দর্শানোর কথা বলা হয়েছে।
কারণ দর্শানোর চিঠিতে বলা হয়, গত ৩০ এপ্রিল আখাউড়া উপজেলার অন্তর্গত আখাউড়া পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় নির্দেশ অমান্য, গঠনতন্ত্র লঙ্ঘন, স্বেচ্ছাচারিতা ও নিয়ম বহির্ভূতভাবে এসব কমিটি গঠন করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন ও বিনষ্ট হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩০ এপ্রিল হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে দিয়ে আখাউড়া পৌরসভা, আখাউড়া উত্তর, আখাউড়া দক্ষিণ, মনিয়ন্দ, মোগড়া ও ধরখার ইউনিয়ন কমিটি ঘোষণা করে আখাউড়া উপজেলা যুবলীগ। উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. তাকজিল খলিফা কাজল, যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান নাজিম ও মো. আব্দুল মমিন বাবুল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটি ঘোষণা করা হয়। গঠিত কমিটির নেতৃবৃন্দের কাছেও এসব কমিটি হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights