আজও ১৪ ডিগ্রির ঘরে তেঁতুলিয়ার তাপমাত্রা

অনলাইন ডেস্ক
উত্তরের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ায় দিন দিন তাপমাত্রা কমতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এতে জেঁকে বসেছে শীত। সন্ধ্যার পর থেকে শুরু হয় হিমেল বাতাসের সঙ্গে হালকা কুয়াশা।

শনিবার আবহাওয়া অফিসের তথ্য মতে, সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড হয়।

এদিকে তাপমাত্রা কমায় ব্যস্ততা বেড়েছে জেলার লেপ-তোশকের দোকানে। পাশাপাশি বিভিন্ন গরম কাপড়ের দোকানেও বিক্রি বেড়েছে। শীতের পিঠাপুলি তৈরির ধুম পড়েছে। সড়কের পাশের দোকানগুলোতে ভিড় করে মানুষ পিঠার স্বাদ উপভোগ করছেন।

অন্যদিকে, ঠাণ্ডা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগে আক্রান্তের হার বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতে রোগীর চাপও বেড়েছে।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয়সংলগ্ন হওয়ায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীত বেশি হয়ে থাকে। আজ শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দিনদিন তাপমাত্রা ক্রমশই কমছে। তবে নভেম্বরের মাস শেষে তাপমাত্রা আরও কমতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights