আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে বিসিবির প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বাংলাদেশের বিপক্ষে টেস্ট উপলক্ষে ঢাকার এবিজি স্পোর্টস সিটির ‘আনভীর ক্রিকেট স্টেডিয়াম’ পরিদর্শন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর একটি প্রতিনিধি দল।

সোমবার বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান এবং প্রতিনিধিরা স্টেডিয়ামের মাঠ, পিচ এবং অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধা সরেজমিনে ঘুরে দেখেন। চলতি মাসের ২২-২৩ তারিখ সফরকারী ক্যারিবীয় দলের অনুশীলন এবং প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই মাঠেই।

পরিদর্শন শেষে স্টেডিয়ামটির সার্বিক প্রস্তুতি ও আধুনিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন বিসিবির প্রতিনিধিরা। ওয়েস্ট ইন্ডিজ ও বিসিবি একাদশের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিসিবি সূত্রে জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ দলের বিশেষ অনুরোধে পূর্বনির্ধারিত তিন দিনের প্রস্তুতি ম্যাচটি কমিয়ে দুই দিন করা হয়।

এদিন গণমাধ্যমকে এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান বলেন, ‘আমরা উদ্গ্রীব হয়ে বসে আছি তাদেরকে আতিথেয়তা দেওয়ার জন্য। কারণ এ খেলার মাধ্যমে কিন্তু এই আনভীর ক্রিকেট স্টেডিয়ামের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, যেটা আমাদের জন্য একটা অন্যতম বড় প্রাপ্তি। তো আমরা সেজন্য আসলে খুব উৎসাহ সহকারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমকে আতিথেয়তা দেওয়ার জন্য অপেক্ষা করছি’।

নতুন সময়সূচি অনুযায়ী, ২২ ও ২৩ অক্টোবর আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের এই ম্যাচটি খেলা হবে। এর মাঝে ১৯ ও ২৪ অক্টোবর সফরকারী ক্যারিবীয় দলের জন্য বিশ্রামের দিন হিসেবে রাখা হয়েছে। ম্যাচকে কেন্দ্র করে স্টেডিয়াম সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে।

প্রস্তুতি ম্যাচটি সফলভাবে শেষ করে দল বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দল মূল টেস্ট সিরিজের দিকে নজর দেবে। আগামী ২৮ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। এরপর ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দু’দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights