আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত
কালিয়াকৈর (গাজীপুর)থেকে,, জিল্লুর রহমান
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) একাডেমির কুটিরশিল্পে উৎপাদিত পণ্যের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন চার দেশের রাষ্ট্রদূত। সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কসোভো, মালদ্বীপ, মরক্কো ও সিঙ্গাপুরের রাষ্ট্রদূতেরা একাডেমি পরিদর্শনে এসে এসব পণ্য ঘুরে দেখেন।
এ সময় তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। পরে রাষ্ট্রদূতেরা একাডেমির হস্ত ও কুটিরশিল্প, গার্মেন্টস, প্রান্তিক শক্তি ও ওয়েল্ডিং বিভাগসহ বিভিন্ন কার্যক্রম ও অবকাঠামো পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁরা একাডেমির উৎপাদিত পণ্যের মান ও কার্যক্রম সম্পর্কে আগ্রহ দেখান এবং এসব পণ্য নিজ নিজ দেশে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
পরে মহাপরিচালকের সভাপতিত্বে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় মহাপরিচালক জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় একাডেমিতে কুটিরশিল্পের কার্যক্রম শুরু হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও এসব পণ্যের চাহিদা ও আগ্রহ বাড়ছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, চার দেশের রাষ্ট্রদূত উৎপাদিত পণ্য তাঁদের দেশে নেওয়ার বিষয়ে চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছেন।
এ সময় চার দেশের রাষ্ট্রদূত ছাড়াও আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য এবং দেশি-বিদেশি সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
একাডেমির জনসংযোগ কর্মকর্তা পারভেজ আহমেদ বলেন, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রদূতেরা একাডেমিতে পৌঁছান। তাঁরা একাডেমির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং উৎপাদিত পণ্য সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।
