‘আপনি তিন লাখ টাকা দেন, আপনার জন্যই ভালো হবে’

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় চোরাকারবারীর সাথে দরকষাকষির অডিও ছড়িয়ে ভাইরাল হওয়ায় আবু হানিফা নামের এক এসআইকে প্রত্যাহার হয়েছে। জেলার সীমান্ত উপজেলা কলমাকান্দায় এই ঘটনা ঘটেছে।

চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ ও দুই যুবক আটকের ঘটনা নিয়ে ওই পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু হানিফার দরকষাকষির অডিও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গত বুধবার রাত থেকে সামাজিকযোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড়। ঘটনার পর বৃহস্পতিবার অভিযুক্ত এসআইকে থানা থেকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।

স্থানীয় একাধিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি পিকআপ থেকে ১৮ বস্তা ডাব শ্যাম্পু, অলিভ অয়েলসহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করে। এ সময় পিকআপের চালক শিংপুর গ্রামের নাসিম মিয়া (২৫) ও তার সহকারী মুনির মিয়াকে (২১) আটক করা হয়। পরে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি অডিও ছড়িয়ে পড়ে। যেখানে কলমাকান্দা থানার এসআই আবু হানিফার সঙ্গে মো. জসিম উদ্দিন নামের এক ব্যক্তির কথোপকথন শোনা যায় বলে দাবি করা হচ্ছে।

৫ মিনিট ২৩ সেকেন্ডের প্রথম অডিওতে সময় দেখাচ্ছে মঙ্গলবার রাত একটা ২০ মিনিট। সেখানে জসিমকে বলতে শোনা গেছে ‘স্যার, আপনাকে ৮০ হাজার টাকা দেব। আপনি আমাকে মামলা দিবেন না। শুধু দুই বস্তা মাল আটক দেখাবেন।’

এ সময় আবু হানিফাকে বলতে শোনা যায়— ‘না ভাই, যা বলছি তার কম হবে না। আপনি ৩ লাখ টাকা দেন। আমি একটা জায়গার কথা বলবো সেখানে আপনি নিয়ে আসেন। এটা আপনার জন্যই ভালো হবে। এরপর আমরা তো আছিই..।’

রাত একটা ৪১ মিনিটে রেকর্ড করা ৩ মিনিট ১২ সেকেন্ডের অপর অডিওটিতে ওই পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়— ‘আপনি যা করবেন তাড়াতাড়ি করেন। আমি এখন ভবানীপুর ব্রিজ পার হচ্ছি।’

‘যান- আপনার জন্য আমি ছাড় দিলাম আড়াই টাকা নিয়ে আসেন।’ তখন জসিমকে বলতে শোনা যায় ‘ভাই, ছাড় দিছেন আরেকটু দেন। আমি কষ্ট করে হলেও আপনাকে ২ লাখ টাকা দিচ্ছি। আমারে একটু সময় দেন…।’

এক পর্যায়ে আবু হানিফা বলেন, ‘দেইখেন হোয়াটসঅ্যাপে কথা অন্য ফোনের রেকর্ড করা যায় এটা করবেন না…।’ ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে এ ব্যাপারে কথা বলতে এসআই আবু হানিফা ও মো. জসিম মিয়ার উভয়ের ফোন বন্ধ পাওয়া যায়।

পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, ‘ছড়িয়ে পড়া অডিওটি আমার নজরে আসার সঙ্গে সঙ্গে অভিযুক্ত এসআই মো. আবু হানিফাকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights