আপাতত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলছে না বিআরটিসির বাস

অনলাইন ডেস্ক
বিকেলের সিদ্ধান্ত রাতেই পাল্টে ফেলল বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সংস্থাটির ৭৯টি বাস এখনই চলছে না বলে জানিয়েছে সংস্থাটি।

রবিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। তবে বিকেল তিনিই জানিয়েছিলেন, সোমবার থেকে বাসগুলো চলবে।

এখনই বাস না চলার বিষয়ে রাতে বিআরটিসি চেয়ারম্যান বলেন, আমরা এখনই চালু করছি না। এক্সপ্রেসওয়ের র‍্যাম্পগুলো পরিদর্শন করে সিদ্ধান্ত নেব কবে থেকে চালু করা যায়।
আর বিকেলে তিনি গণমাধ্যমকে বলেছিলেন, সাধারণ যাত্রীদের সুবিধার্থে আগামীকাল (সোমবার) থেকে বাসগুলো চলাচল করবে। যাত্রীরা যাতে কম সময়ে নির্বিঘ্নে চলাচল করতে পারেন সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিআরটিসি চেয়ারম্যান জানান, গাজীপুর থেকে বিমানবন্দর হয়ে উড়ালসড়ক দিয়ে তেজগাঁও-ফার্মগেট হয়ে বিভিন্ন রুটে চলবে এসব বাস। ভাড়াও নেওয়া হবে বর্তমান তালিকা অনুযায়ী। যাত্রী বাড়লে ভবিষ্যতে এসি বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন। রবিবার ভোর ৬টা থেকে তা উন্মুক্ত করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights