আবারও নৌকার বিজয় হবে : মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক
নৌকা মার্কায় নিজের ভোট দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ আমার কেন্দ্র। অত্যন্ত আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে আমি ভোট দিলাম। নৌকা মার্কায় ভোট দিয়েছি। আমরা বিজয় আশা করছি। ইনশাআল্লাহ আবারও নৌকার বিজয় হবে।’

রবিবার সকালে ধানমন্ডির ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজে ভোট দান শেষে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এসময় সকল ভোটারকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহবান জানিয়ে মেয়র তাপস বলেন, ‘অত্যন্ত সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে। আমি সকল ভোটারকে আহবান করব, আপনারা স্ব স্ব কেন্দ্রে এসে সুন্দরভাবে, সুষ্ঠু পরিবেশে ভোট দিন।’

ভোট প্রদানকালে মেয়রের সাথে তার সহধর্মিণী আফরিন তাপস ও ছোট ছেলে শেখ ফজলে নাশওয়ানও উপস্থিত ছিলেন। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে ঢাদসিক মেয়রের সহধর্মিণী আফরিন তাপস বলেন, ‘আমরা উৎসাহ-উদ্দীপনা নিয়েই এই সকালে ভোট দিতে এসেছি। আমি টিচার্স ট্রেনিং কলেজে ফেরদৌস আহমেদকে নৌকা মার্কায় ভোট দেব। বিজয় আমাদের হবেই, ইনশাআল্লাহ।’
প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করার উদ্দীপনা ও আবেগ জানাতে গিয়ে ঢাদসিক মেয়রের কনিষ্ঠ পুত্র শেখ ফজলে নাশওয়ান বলেন, ‘আমি প্রথমবারের মতো ভোটার হয়েছি। আমার কেন্দ্র টিচার্স ট্রেনিং কলেজে। আমার ভোট নৌকা মার্কায় দিবো। ইনশাআল্লাহ নৌকা জয়যুক্ত হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights