আমাদের হাসিটাই অনেকের সহ্য হয় না: ডি পল

স্পোর্টস ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের হতাশা কাটিয়ে ওঠার আগেই সমালোচকদের কড়া জবাব দিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি দাবি করেন, গোটা টুর্নামেন্টজুড়ে অনেকেই আর্জেন্টিনার ব্যর্থতার অপেক্ষায় ছিলেন এবং ভিত্তিহীন ষড়যন্ত্রের তত্ত্ব ছড়িয়েছেন।

ডি পল লেখেন, ‘আজ দেখছি কত মানুষ আমাদের এই হারের অপেক্ষায় ছিলেন। পুরো বিশ্বকাপজুড়ে তারা ভিত্তিহীন ষড়যন্ত্রের গল্প ছড়িয়েছে, শুধু নিজেদের হতাশা ঢাকতে। কারণ, আর্জেন্টিনার মানুষ যে আনন্দ অনুভব করছিল, সেটা তারা কখনও পারেনি। আমাদের হাসিটাই অনেকের সহ্য হয় না। আমরা যেমন, সেটাও তাদের ভালো লাগে না। কিন্তু এসবই আবারও প্রমাণ করেছে, এই জার্সির প্রতি আমাদের ভালোবাসা আর আবেগ সব কিছুর ঊর্ধ্বে।’

ফাইনালে নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুর একাদশে ছিলেন ডি পল। ৭০ মিনিট মাঠে থাকার পর তাকে বদলি করা হয়। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় তিনি বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে না পারার আক্ষেপ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে, আমরা বিশ্বকাপটা আবার দেশের মানুষের কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারলাম না। তবে সময়ের সঙ্গে বুঝতে পারছি, এই দলের সঙ্গে সমর্থকদের সম্পর্ক শুধু একটি ট্রফির মধ্যে সীমাবদ্ধ নয়। কঠিন সময়ে সেই সম্পর্কই আমাদের শক্তি জোগাবে।’

২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য দে পল স্বীকার করেন, এই পরাজয়ের কষ্ট দীর্ঘদিন তাকে তাড়া করবে। তবে আর্জেন্টিনার জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারার গর্ব এতটুকুও কমেনি বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights