আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ নিয়ে যা জানালেন পারেদেস

অনলাইন ডেস্ক
লিওনেল মেসি

বিশ্বকাপ ফাইনালের সেই রাতের দুঃখ এখনো কাটিয়ে উঠতে পারেনি আর্জেন্টিনা। স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের পর থেকেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফুটবল বিশ্বে, আকাশি-সাদা জার্সিতে কি আর দেখা যাবে লিওনেল মেসিকে?

এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আর্জেন্টিনা সমর্থকদের মন আরও ভারী করে দিলেন মেসির দীর্ঘদিনের সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস। জাতীয় দলে প্রায় এক দশকের সঙ্গী এই মিডফিল্ডার মনে করেন, বিশ্বকাপের ফাইনালই হয়তো ছিল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়।

কোপা সুদামেরিকানার প্লে-অফে বোকা জুনিয়র্সের জয়ের পর সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে পারেদেস বলেন, “এটা খুবই কষ্টের। পুরো বিশ্বকাপজুড়ে আমরা চাইনি সেই শেষ ম্যাচটি কখনো আসুক। আমার বিশ্বাস, জাতীয় দলের হয়ে এটিই হবে তার শেষ ম্যাচ। সে হয়তো আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল।”

পারেদেসের এমন মন্তব্য মুহূর্তেই আলোচনার জন্ম দেয়। কারণ, এর আগে আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, মেসি এখনই অবসর নিচ্ছেন না। বরং কয়েক মাস আরও খেলতে চান তিনি। এমনকি আর্জেন্টিনা ফুটবল সংস্থাও দেশের মাটিতে সমর্থকদের সামনে তাঁকে বিদায় জানানোর জন্য বিশেষ একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বলে জানা যায়।

তবে নিজের বক্তব্যের গুরুত্ব উপলব্ধি করে পরে কিছুটা আশার কথাও শোনান পারেদেস। তিনি বলেন, “আমি আশা করি, আমার ধারণা ভুল প্রমাণিত হবে। সে যেন খেলা চালিয়ে যায়, সেটাই চাই। সিদ্ধান্ত পুরোপুরি তার। তাকে যে সিদ্ধান্ত সুখী করবে, সেটাই আমাদের জন্যও আনন্দের হবে।”

শুধু মেসির ভবিষ্যৎ নয়, নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও অনিশ্চয়তার কথা জানিয়েছেন ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার। বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের দুই ফুটবলারের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনায় তিনি সমালোচনার মুখে পড়েন। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থার তদন্তও চলছে।

এদিকে পারেদেস জানিয়েছেন, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন কি না, সে সিদ্ধান্তও এখনো নেননি তিনি। তাঁর ভাষায়, “এটা এমন একটি সিদ্ধান্ত, যা তাড়াহুড়া করে নেওয়া যায় না। আমাদের এ নিয়ে কথা বলতে হবে। দলের অনেকের কাছেই সামনে কঠিন কিছু সিদ্ধান্ত অপেক্ষা করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights